১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পালাকারের দুই যুগপূর্তিতে ‘পালা-মেলা'

“আয়োজনের মূল উদ্দেশ্য হলো, গত দুই দশকের নাট্য-অভিযাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়া,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 12:17 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

নানা আয়োজনে দুই যুগ পূর্তি উদযাপন করছে নাট্যসংগঠন ‘পালাকার’।

সোমবার চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় ‘পালা-মেলা: দুই যুগের গল্পকথা’ শিরোনামে দুই দিনের অনুষ্ঠানমালা শুরু হয় বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথম দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠান। এতে পালাকারের দীর্ঘ পথচলার অংশ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণা প্রক্রিয়া উপস্থাপনার পাশাপাশি ছিল নাটকের মঞ্চায়নও।

মেলার অংশ হিসেবে আছে ঐতিহ্যবাহী খাবারের স্টল, দর্শকদের জন্য মুক্ত আড্ডার সুযোগ ও ছবি তোলার ব্যবস্থাসহ ছোট ছোট বিনোদনমূলক আয়োজন।

দ্বিতীয় দিন পহেলা বৈশাখে পালাকারের বর্তমান ও প্রাক্তন সদস্য এবং তাদের পরিবারের জন্য পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। একই দিনে হবে সংগঠনের অভ্যন্তরীণ বার্ষিক সম্মেলন ও বর্ষবরণের বিশেষ আয়োজন। এদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

বিজ্ঞপ্তিতে পালাকার বলছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, গত দুই দশকের নাট্য-অভিযাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং শিল্প-সংস্কৃতির মানুষের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা।