‘একটা চাদর হবে’ গানের শিল্পী সুমন না ফেরার দেশে
২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর রাতারাতি আলোচনায় চলে আসেন গায়ক জেনস সুমন।
এ শতকের শুরুতে জনপ্রিয়তা পাওয়া ‘একটা চাদর হবে’ গানের শিল্পী জেনস সুমন মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
সংগীতশিল্পী ফাহমিদা নবী গ্লিটজকে বলেন, "শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর ফেরানো যায়নি।"
২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর রাতারাতি আলোচনায় চলে আসেন গায়ক জেনস সুমন।
তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’।
জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদি। সুমন তার ডাকনাম। প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি।
দীর্ঘ ১৬ বছর বিরতির পর গেল বছর এই শিল্পী প্রকাশ করেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান।
