বৃষ্টি ঠেলে ‘কনসার্ট ফর ডেমোক্রেসিতে’ হাজারো মানুষ
গান শুনিয়েছেন ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচের’ মতো জনপ্রিয় ব্যান্ডের শিল্পীরা।
ভারি বৃষ্টির মধ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 'কনসার্ট ফর ডেমোক্রেসি’ উপভোগ করলেন হাজারো মানুষ।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বুধবার এ অনুষ্ঠান আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ’।
অনুষ্ঠান শুরু হয় এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ গানের মধ্য দিয়ে।
এরপর শিল্পী খালেদ মুন্না গেয়ে শোনান ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’। নিজস্ব জাতিগোষ্ঠীর ভাষায় গান পরিবেশন করে ব্যান্ডদল রেবেল’স।
ব্যান্ডদল ‘লালন’ পরিবেশন করে তাদের দর্শকপ্রিয় লোকসংগীত ‘জাত গেল জাত গেল’, ‘সময় গেলে সাধন হবে না’ ও ‘ক্ষ্যাপারে’।
ব্যান্ড ‘এএসইআইএস’ পরিবেশন করে নজরুলসংগীতের নতুন সংস্করণ।
কনসার্টের মূল আকর্ষণ ছিল দেশের শীর্ষ সারির একাধিক ব্যান্ড। একে একে মঞ্চে আসেন ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচ’।
মঞ্চে যখন জুলাইযোদ্ধাদের স্মরণে গানে সুর তুলছিলেন শিল্পীরা, ঠিক তখনই সুরের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছিল পুরো উদ্যান। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে দেখা যায় উপস্থিত হাজারো তরুণ-যুবককে।
বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।
অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
সংগীত পরিবেশনার পাশাপাশি কনসার্ট মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক গানের প্রতিযোগিতা ‘তোমার গানে জাগবে জুলাই’-এর ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান আব্দুল্লাহ্ আল ফারাবী, দ্বিতীয় পুরস্কার পান মহসিন আহমেদ এবং তৃতীয় হন মো. হাফিজুর রহমান।
বিশেষ ক্যাটাগরির বিজয়ী ১৭ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে প্রাইজমানি ও সনদপত্র দেওয়া হয়।
তারা হলেন- তাবাসুম কেয়া, রেস্টিভ, শারজিল আমীন সিয়াম, রেদোয়ান আহমেদ, আল মাহিদ (অনুপম), ওবায়দুল মুন্সী, শাহরিয়ার সাগর, সৌরভ পাশী, সোহানুর রহমান, সামিও আল হাশিম অহন, মো: মামুনুর রশিদ শিপন, সমৃদ্ধি সূচনা, এস. এম রাশেদ সিরাজী নিপুন, উম্মে আইমান, রোদসী ইসফার ফাতেমী, আরিয়ান আহমেদ হামিম ও অন্তর্যামী হালদার।
