ফারুকের জন্মদিনে স্মৃতিকাতর সন্তানরা: ‘সৌভাগ্য যে আমাদের এমন একজন বাবা ছিলেন’
“বাবার সঙ্গে আমার সম্পর্ক ছিল মা ও ছেলের মত। বাবা-মেয়ের মত না। অসুস্থ থাকার সময়টা উনাকে আমরা বাচ্চার মত দেখে রাখতাম।”
গ্রামের টগবগে তরুণ থেকে শুরু করে শহুরে, চরিত্রের নানা বৈচিত্রে প্রায় চার দশক সিনেমাপ্রেমীদের মাতিয়ে রাখা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক তার সন্তানদের কাছে ছিলেন একজন স্নেহশীল এবং দায়িত্ববান বাবা।
এই অভিনেতার মৃত্যুর দুবছরের প্রতিটি দিন তার দুই ছেলেমেয়ে ফারিহা তাবাচ্ছুম পাঠান তুলসী ও ছেলে রওশন হোসেন পাঠান শরতের কাছে হাজির হয়েছে ‘বিশাল শূন্যতা’ নিয়ে।
একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা এবং পরবর্তীতের রাজনীতির মাঠে পা রাখা ফারুক জন্মেছিলেন ১৯৪৮ সালের ১৮ অগাস্টে।
সোমবার ফারুকের ৭৭তম জন্মবার্ষিকীতে এই অভিনেতাকে নিয়ে তার উত্তরার বাসায় গ্লিটজের কাছে স্মৃতির বাক্সের ডালা খুলেছেন তুলসী ও শরৎ।
বাবার সঙ্গে কাটানো শেষদিনগুলোর কথা বলতে গিয়ে কখনো তাদের গলা ধরে এসেছে, কখনো চোখের জল ঝরেছে অঝোরে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন ফারুক। তখন রক্তে সংক্রমণ ধরা পড়লে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। এরপর আর দেশে ফেরা হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান ২০২৩ সালের মে মাসের ১৫ তারিখে।
সিঙ্গাপুরে বাবার সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে করে তুলসী গ্লিটজকে বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ঠিক পাশেই থাকতেন তিনি।
“পাঁচ মিনিট হেঁটে যাওয়ার পথ এমন দূরত্ব। আমি হাসপাতালে বাবার কেবিনে ঢোকার সাথে সাথেই তিনি ঘড়ি দেখতেন। আমার ৯টায় যাওয়ার কথা, আমি দেরি করে গেলাম কী না। যেদিন একটু দেরি হত, আগে চলে আসতে চাইলে দিতেন না, বলতেন আজকে এত মিনিট দেরি করে এসেছ। তাই দেরি করে যেতে হবে।
"একদিন আমার কাজ শেষ করে যেতে বেলা ১২টা বেজে গিয়েছিল, আমি যাওয়ার পর অভিমান করে বললেন, ৯টার ট্রেন ১২টায় এসেছে কেন। "
বাবাকে সেসময় 'আদুরে' ডাকে সম্বোধন করতেন জানিয়ে তুলসী বলেন, “আমি বাবাকে আদর করে গিয়ে জিজ্ঞেস করতাম, ‘আমার চাঁদের মত নীল চোখ ওয়ালা আদরের ছেলে দুলু কেমন আছে?’ বাবার চোখের মণি নীল ছিল অনেকটা, শেষের দিকে এই নীলটা আরও বেড়ে গিয়েছিল। বাবার সঙ্গে আমার সম্পর্ক ছিল মা ও ছেলের মত। বাবা মেয়ের মত না। অসুস্থ থাকার সময়টা উনাকে আমরা বাচ্চার মত দেখে রাখতাম।”
তুলসী বলেছেন, তাদের দুই ভাইবোনের কোনো বিষয়ে বাবা চাপ সৃষ্টি করতেন না। ছেলেমেয়েদের নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে বলতেন।
“পড়াশোনা, পেশা সব কিছুতে তিনি আমাদের নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিতেন। আমাদের কখনো চলচ্চিত্রে যুক্ত করতে চাননি বাবা। পড়াশোনায় বলতেন যা খুশি কর। আমরা খুবই সৌভাগ্যবান যে, আমাদের এমন একজন বাবা ছিলেন।”
‘নায়ক ফারুকের ছেলে’এই পরিচয়েই গর্বিত শরৎ
নায়ক ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ মনে করেন, বাবা থাকা অবস্থায় জীবন নিয়ে যে সহজ সরলতা আর চিন্তামুক্ত দিনগুলো তিনি পার করেছেন, তা এখন আর নেই।
শরৎ গ্লিটজকে বলেন, “বাবাকে প্রতি মুহূর্তে মনে পড়ে, জীবনের যত সুখ, দুঃখ ও ঝামেলা যাক না কেন বাবাকে ভুলে থাকা অসম্ভব। চেষ্টা করি মনে না করতে, কারণ মনে করলেই মনটা ভেঙে যায়।”
বাবার উপস্থিতি আর অনুপস্থিতির পার্থক্যও উঠে আসে শরতের কথায়।
“বাবা থাকা অবস্থায় কোনো চিন্তা ছিল না জীবনে, চিন্তা ছাড়া জীবন কাটিয়েছি। এখন সব কিছু নিয়ে চিন্তা করতে হয়। ডানে গেলেও চিন্তা করতে হয়, বামে গেলেও চিন্তা করতে হয়। আমার মনে হয় মানুষের জীবনে বাবার যে ভূমিকা সেটা বাবা না থাকলে মানুষ বেশি অনুভব করেন।”
শরতের স্মৃতিতে সবচেয়ে ভারি হয়ে আছে বাবাকে হারানোর মুহূর্ত, যা তিনি কখনো ভুলতে পারবেন না।
শরৎ বলেন, “বাবা মারা যাওয়ার পর যখন আমি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই, সেই সময়টা ভুলতে পারি না। সিঙ্গাপুরে বাবাকে যখন শেষ বারের মত দেখি, হাসপাতাল থেকে বাবাকে গোসল করানোর জন্য বিদায় দেই, সেই সময়টা আমি কখনো ভুলতে পারব না। বিদেশের মাটিতে কেউ মারা গেলে সেটার কষ্ট অন্যরকম।"
কষ্টের কথায় মাঝেও গর্বের কথা শোনা গেল শরতের কণ্ঠে।
তিনি বলেন, “আমার বাবা আমাকে ‘শরৎ’ নামের সুন্দর একটা নাম দিয়েছিলেন। কিন্তু আমি সারাজীবন নায়ক ফারুকের ছেলে হিসেবেই থাকব, এই নামটা নিয়েই আমি গর্বিত। উনি নিজে একটা ইন্সটিউশন, উনার যেই কাজ, কর্ম, লেগ্যাসি এগুলো ভাবলে, দুনিয়ার সব থেকে সৌভাগ্যবান মনে করি আমি তার ছেলে হয়ে।”
শরৎ জানিয়েছেন, বাবার ধৈর্যই তার সবচেয়ে বড় শিক্ষা। এই গুণটা তিনি নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করছেন।
“মানুষ বলে উনি অনেক রাগী মানুষ ছিলেন, হয়ত কিছু কিছু সময় রাগ করতেন। কিন্তু জটিল সময়ে ঠাণ্ডা মাথায়, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে কাজ করতেন। উনি রাগ করে কোনো কাজ করতেন না। আমার মনে হয় বাবার এই গুণটা এসেছে।”
ফারুকের কাজ পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার উদ্যোগ পারিবারিকভাবে নেওয়া হবে বলে জানিয়েছেন শরৎ।
শরৎ বলেন, “আমাদের পরিবারের জীবনটা উনি খুব সাধারণ রেখেছেন। নায়ক ফারুকের খ্যাতি, ব্যবসা সব কিছু থেকে দূরে রেখে পড়াশোনাটা করতে বলেছেন। বাবাকে নিয়ে অনেক কিছু করতে চাই, তাকে ট্রিবিউট করে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বাবার কাজ, জীবন নিয়ে একটা প্রতিচ্ছবি করে যাওয়ার ইচ্ছে আছে।”
বাবার সিনেমা নিয়ে আবেগ প্রকাশ করেন তিনি বলেন “বাবার অনেক সিনেমা দেখেছি, মারা যাওয়ার পর কোনো সিনেমা দেখিনি। এটা আমার পক্ষে সম্ভব না, স্বাভাবিক থাকা সম্ভব না।”
অভিনেতার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। জন্ম গাজীপুরের কালীগঞ্জে। তবে পাঠান পরিবারের এই সন্তানের বেড়ে ওঠা পুরান ঢাকায়। ছাত্রবয়সেই জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে। দেশ বাঁচাতে মুক্তিযুদ্ধে ধরছিলেন অস্ত্রও।
তবে মুক্তিযুদ্ধের আগেই সিনেমায় নাম লিখিয়েছিলেন এই নায়ক, ‘জলছবি’ নামের সেই সিনেমা মুক্তি পায় একাত্তরে। প্রথম সিনেমাতেও তার নায়িকা ‘সারেং বউ’ কবরী। যে জুটি আজও স্মৃতিতে উজ্জ্বল ‘সুজনসখী’ নামে।
ক্যারিয়ারে প্রথম থেকে ফারুক নজর কেড়েছিলেন নির্মাতা খান আতাউর রহমানের। যার হাত ধরে একটু একটু করে এগিয়েছিলেন তিনি। এরপর আমজাদ হোসেন, নারায়ণ ঘোষ মিতা, প্রমোদ করের মত পরিচালকরা তাদের সিনেমায় বেছে নেন ফারুককে।
সারেং বউ, লাঠিয়াল, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, জনতা এক্সপ্রেস, সাহেব, মিয়াভাই, নাগরদোলা, সুজনসখী’, ঘরজামাই, ভাইভাই, বিরাজবৌ এর মত চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য জায়গায় নিজেকে নিয়ে যান খ্যাতিমান এই অভিনেতা।
ফারুক-কবরী, ফারুক-ববিতা জুটি সময়ে সাথে সাথে পাকাপোক্ত জায়গা করে নেয় দর্শক মনে। বিশেষ করে ববিতা-ফারুক জুটিই ছিল সবচেয়ে জনপ্রিয়।
এছাড়া শাবানা, রোজিনা, সুচরিতা, অঞ্জু ঘোষ, অঞ্জনাও ফারুকের নায়িকা হয়েছেন বিভিন্ন সিনেমায়।
মুক্তিযুদ্ধের দুই সিনেমা ‘আবার তোরা মানুষ হ’ এবং আলোর মিছিল’-এ ফারুক মূল ভূমিকায় না থাকলেও প্রেক্ষাপট বিবেচনায় এই দুটি কাজকে তার টার্নিং পয়েন্ট ধরা হয়।
গ্রামের বেকার যুবক, পরিশ্রমী কৃষক, ট্রাকচালক, ট্রেনচালক, ইত্যাদি চরিত্রের মাধ্যমে তিনি সাধারণ দর্শকের মনের নায়কে পরিণত হন। করেছেন বাণিজ্যিক সিনেসাও, এবং সেগুলো সফলও হয়েছিল।
তার অভিনীত সর্বশেষ সিনেমা মো. নাসির উদ্দিন ও আওলাদ হোসেনের 'মনে রেখ আমায়' মুক্তি পায় ২০০১ সালে।
