২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে খেলার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল আমিরের

“এক দিন হঠাৎ খেলা বন্ধ করার নির্দেশ দেন আমার বাবা, তাই বাধ্য হয়েই খেলা ছেড়ে দিয়েছিলাম।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 03:55 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

উইম্বলডনে বলিউড তারকাদের উপস্থিতি নতুন নয়। এবারে লন্ডনে এই গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা দেখতে গিয়ে হিন্দি সিনেমার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান জানালেন, তার বিশেষযোগসূত্র রয়েছে টেনিসের সঙ্গে।

আনন্দবাজার লিখেছে, লন্ডনে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির বলেছেন, তিনি এক সময় নিয়মিত টেনিস খেলতেন। পেয়েছিলেন মহারাষ্ট্র রাজ্য চ্যাম্পিয়নের খেতাবও। 

তিনি বলেন, “খুব উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও আমি খেলাটা উপভোগ করতাম।”

তবে বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি বলে জানিয়েছেন আমির।

“একদিন হঠাৎ খেলা বন্ধ করার নির্দেশ দেন বাবা। তাই বাধ্য হয়েই খেলা ছেড়ে দিয়েছিলাম।”

তবে সেজন্য কোনো আক্ষেপ নেই অভিনেতার। 

“এখন আমি যে জায়গায় রয়েছি, তাতে আমি খুশি। আমি যে আর খেলা চালিয়ে যাইনি তাতে টেনিস জগতেরই ভাল হয়েছে।”

এই নিয়ে দ্বিতীয় বার উইম্বলডনে গিয়েছেন আমির। গত বছর দুই ছেলে জুনাইদ খান, আজাদ খান এবং মেয়ে ইরা খানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। 

ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, “অসাধারণ অভিজ্ঞতা। সবসময় টেলিভিশনে দেখেছি। কিন্তু চাক্ষুষ করার অভিজ্ঞতাই আলাদা। কত তাড়াতাড়ি খেলা ঘুরে যায়! তাছাড়া স্টেডিয়ামের পরিবেশের কারণে আরো উত্তেজনা হয়।”