Published : 24 Jan 2026, 12:12 AM
‘বেনারসে বিভীষিকা’ সিনেমার বিপুল সাফল্যের পর গোয়েন্দা একেন বাবু এবার ছুটছেন নতুন অভিযানে।
আর সেই অভিযান সেলুলয়েডের পর্দায় বন্দি করছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
নতুন সিনেমার নাম ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’। অর্থাৎ একেন চরিত্রের অভিনেতা অনির্বাণ চক্রবর্তী রহস্যের সমাধান করতে চলেছেন পুরুলিয়ার মাটিতে। সিনেমার দৃশ্য ধারণের কাজও শুরু হয়েছে।
সংবাদ প্রতিদিন লিখেছে, পুরুলিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্য হল মানেই ছৌ-নাচ ও মুখোশ। তাই মুখোশের আড়ালে থাকা অপরাধীকে একেন খুঁজে বের করবেন কীভাবে তা জানতে হলে সিনেমার মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবারও একেন বাবুর সঙ্গে ‘বাপি’ ও ‘প্রমথ’ চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। তবে তারা ছাড়াও নতুন সিজনে শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়সহ আরও অনেককে দেখা যাবে সিনেমায়।
একেনের এবারের চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে এই গোয়েন্দা গল্পটি নিয়ে তৈরি সিনেমা সিরিজে সাধারণত নতুন নতুন জায়গার শিল্প-সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।

একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে।
২০১৮ থেকে এই পর্যস্ত ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে অনির্বাণ দর্শকের সামনে আসেন একেন বাবু হয়ে। এরপর ‘পানির বোতল’, ‘লালবাজার’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ব্যাধসহ আরও কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন।
এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নামের সিরিজেও ‘জটায়ু’ চরিত্র করে সুনাম কুড়িয়েছেন অনির্বাণ।