Published : 06 Jun 2026, 03:34 PM
‘চাঁদ মেরা দিল’ শিরোনামের হিন্দি সিনেমায় অভিনেত্রী অনন্যা পাণ্ডের একটি নাচের দৃশ্য আছে। ওই দৃশ্যে মঞ্চে ভারতনাট্যম নেচেছেন তিনি। ওই নাচ নিয়ে দর্শকমহলে হইচই পড়েছে। কটাক্ষে জেরবার হচ্ছেন অভিনেত্রী।
এনডিটিভি জানিয়েছে, নাচের ভিডিওতে দেখা গেছে, মঞ্চে ভারতনাট্যম ও হিপহপের ‘ফিউশন’ করেছেন অনন্যা। যা মূলত কোরিয়োগ্রাফারের পরিকল্পনা। কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ নিয়ে মিম তৈরি থেকে সমালোচনা বিতর্ক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তো আছেনই এমনকি অভিজ্ঞ ভারতনাট্যম নৃত্যশিল্পীরাও এই ফিউশনটি সফল হয়েছে নাকি পুরোপুরি ব্যর্থ হয়েছে, তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।
Someone needs to stop Ananya Pandey ji before she further destroys Bharatanatyam.
That audacity to have Nataraja idol in the background and perform like this...😭😭😭 pic.twitter.com/ljg0SLNvAm
— Incognito (@Incognito_qfs) May 24, 2026
প্রখ্যাত নৃত্যশিল্পী অনিতা আর রত্নম, যিনি কোনো রাখঢাক না করেই নিজের মতামত জানিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, "এই ক্লিপটি দেখে মনে হল, যেন এই শিল্পরূপটি সম্পর্কে এক ভয়াবহ ভুল বোঝাবুঝির কাছে ভরতনাট্যম জিম্মি হয়ে আছে। হাত-পা ছোড়াছুড়ি আর ক্যামেরার এলোমেলো নড়াচড়ার মাঝে কোথাও যেন নৃত্যটি নিঃশব্দে তার সব কিছু গুছিয়ে নিয়ে ভবন ছেড়ে চলে গেছে।"
তিনি আরও বলেন, "ভরতনাট্যম কৌশল, নিয়ন্ত্রণ, ঐতিহ্য, জ্যামিতি, সঙ্গীতময়তা এবং আবেগের গভীরতার উপর নির্মিত। এই ক্লিপটি এটিকে এমনভাবে উপস্থাপন করেছে যেন এটি একটি মৃদু ভূমিকম্পের সময় ধারণ করা একটি বিয়ের সঙ্গীতানুষ্ঠান। দুঃখজনক ব্যাপারটি এটি খারাপ হওয়া নয়। খারাপও কখনও কখনও আকর্ষণীয় হতে পারে। দুঃখজনক ব্যাপারটি হলো, এটি যে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে শত শত বছরের পরিশীলতা, প্রশিক্ষণ, নিষ্ঠা এবং ভক্তিকে গুঁড়িয়ে দিয়েছে, এবং সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় দিয়েছে।"
আরেক নৃত্যশিল্পী, কৃত্তিকা শিবস্বামীও এই সমালোচনার প্রতিধ্বনি করেছেন।
তিনি লিখেছেন, "অনন্যা পাণ্ডের 'ভারতনাট্যম' দেখিয়ে দেয় যে এই শিল্পজগৎ ধ্রুপদী শিল্পের প্রতি কতটা সংবেদনহীন, কীভাবে তারা একে উপহাস করে এবং প্রকাশ্যে পর্দায় তা তুলে ধরার ধৃষ্টতা দেখায়।
"দুর্ভাগ্যবশত, ভারতে যারা ধ্রুপদী শিল্পকে উপহাস করে, তাদের বিরুদ্ধে মামলা করার কোনো ব্যবস্থা নেই। এখানকার পরিস্থিতি এতটাই পরিবর্তনশীল যে যে কেউ এর সাথে যে কোনো আজেবাজে কাজ করতে পারে।"
সোশাল মিডিয়ায় একজন বলছেন, “ভআরতনাট্যম নাচকে অসম্মান করেছেন অনন্যা।”
আরেকজনের মন্তব্য“এ সব কী হচ্ছে! এ কেমন নৃত্য পরিচালনা! অনন্যা পাণ্ডে এত প্রাচীন এক নৃত্যশৈলীর এ কী অবস্থা করেছেন!” কিছু পদভঙ্গিমা ছিল রোবোটের মত, যাতে সাধারণত ‘রোবোট ডান্স’ বলা হয়।”
তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি অনন্যা বা সিনেমার নির্মাতারা। সিনেমাটি মুক্তি পেয়েছে ২২ মে। বিবেক সোনি পরিচালিত ‘চাঁদ মেরা দিল’ প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্ররা।