২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে যেভাবে দেশের গানে জড়িয়েছেন পারভেজ, স্বপ্ন দেখেন গ্র্যামির

পেশায় সফটওয়্যার প্রকৌশলী হলেও পারভেজের স্বপ্ন গান নিয়ে এগিয়ে চলার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 02:16 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

যুক্তরাষ্ট্র থেকে দেশের সিনেমার গানে যুক্ত হওয়া এক তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ৷ যিনি এবারের ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’  সিনেমার টাইটেল ট্র্যাক ও আইটেম গানের সংগীত পরিচালনা করে এসেছেন আলোচনায়।

তবে নিজেকে আলোচনায় নিয়ে আসা পারভেজের জন্য সহজ ছিল না। পেশায় সফটওয়্যার প্রকৌশলী হলেও পারভেজের স্বপ্ন গান নিয়ে এগিয়ে চলার। 

তবে স্বপ্নের সিড়িতে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ, যার অনেকটাই ছিল প্রত্যাখ্যান আর সংগ্রামে ভরা। অনেক চ্যালেঞ্জ উতরে নিজেকে একটি ‘অবস্থানে আনা’ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পারভেজ। 

এই পরিচালক ভিনদেশে বড় হলেও, সেখানকার হালচাল সরিয়ে রেখে মন দিয়েছিলেন দেশের গানে।

'কিস্তিমাত' সিনেমা দিয়ে তার সংগীত পরিচালনা শুরু, এরপর আরো কয়েকটি সিনেমার গানের সুর সংগীত পরিচালনার সুযোগ হয় পারভেজের। তারপর কাজ করেছেন বলিউডের সিনেমার গানেও, যে গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। 

মাঝে দেশে এসে আরো কিছু সিনেমা নাটকের গানের কাজে ব্যস্ত থেকেছেন পারভেজ,

তবুও দেশের ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে বড় ধরনের কাজের সুযোগ মিলছিল না। 

কোভিড মহামারী আর পরিবারের অসুস্থতার কারণে ফের ফিরতে হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু দমে যাননি। 

এরপর 'পরাণ' সিনেমার দর্শক প্রিয় গান 'চলো নিরালায়' গানটি পরিচালনা করে মহামারীর পর দেশের সিনেমার কাজে ফেরেন পারভেজ। 

'লিডার: আমিই বাংলাদেশ’, 'ওমর', 'তুফান' সিনেমার গানের কাজ করে দেশে নিজের পায়ের নিচের জমি তৈরি করেছেন পারভেজ। 

তার কথায়, নিজের হাতে গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ডের ট্রফি দেখার স্বপ্ন দেখেন পারভেজ। 

যুক্তরাষ্ট্রপ্রবাসী এই পরিচালক গ্লিটজের সঙ্গে আলাপে সেই গল্প জানিয়েছেন। 

১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান পারভেজ। 

এই পরিচালক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্কুলে ভর্তি হওয়ার পর বন্ধুরা যখন ব্যস্ত হিপহপ ও র্যাপ নিয়ে, তখন তিনি ঘুরেফিরে শুনতেন দেশের গান। 

তিনি বলেন, “২০০৫ সালে হাবিব ওয়াহিদের ‘কৃষ্ণ’, 'ময়না গো', 'মায়া' অ্যালবামের গানগুলো রিলিজ পায়।  গানগুলো যখন শুনতাম তখন মিউজিকগুলো অনুভব করতে পারতাম, নিজের ভিতরে সুর তৈরি হত৷  তাছাড়া টেলিভিশনের একটা প্রোগ্রাম দেখতাম হাবিব ওয়াহিদ মিক্স স্টুডিওতে কাজ করছেন, সেটা দেখে ভাবতাম তাদের মত আমিও একদিন কম্পোজার হব।" 

নবম শ্রেণিতে পড়ার সময় বড় ভাইয়ের কাছে কি বোর্ড কিনে দেওয়ার আবদার করেন পারভেজ। ইউটিউব ঘেঁটে গানের ট্র্যাক বুঝতে শুরু করেন।  প্রফেশনালি কম্পোজিশন শেখার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগীত পরিচালকের কাছেও গিয়েছেন তিনি, কিন্তু সাড়া পাননি তাদের কাছ থেকে। 

পারভেজ বলেন, "সংগীত পরিচালনা নিয়ে পড়ার জন্য যে অর্থ  প্রয়োজন ছিল তা আমাদের ছিল না। পরে ইউটিউব দেখেই শিখলাম।"

২০১০ সালের দিকে ফেইসবুকের মাধ্যমে বাংলাদেশের পরিচালক ও শিল্পীদের সঙ্গে পরিচয় হয় পারভেজের৷ পরিচিত-অপরিচিত অনেককে, নিজের গানের কাজের ডেমো পাঠাতেন তিনি। কেউ কাজ পছন্দ করতেন, কেউ করতেন না। কাজের সুযোগ তৈরি হচ্ছিল না৷ 

পারভেজ বলেন, ২০১৩ সালে পরিচাল আশিকুর রহমানের সঙ্গে পরিচয় হয় তার। নিজের তৈরি কিছু ট্র্যাক পাঠাতে আশিক তাকে সুযোগ দেন ‘কিস্তিমাত’ সিনেমায়।

পারভেজ বলেন," 'কিস্তিমাত' সিনেমায় দুইটি গান করি। দুই গানের জন্য ৪০ হাজার টাকা পাই। সেটাই আমার প্রথম সংগীত পরিচালক হিসেবে প্রথম রোজগার। তখন  ‘শুধু একবার বল’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর অনেকের প্রশংসা পেলেও কাজের অফার তেমন আসছিল না। সেই সময়টা অনেক হতাশ হচ্ছিলাম।" 

তবে থেমে থাকেনি পারভেজ। গানের সেই ট্র্যাক পাঠান ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক আমাল মালিকের কাছে।  বলিউডের 'রয়' সিনেমার 'সুরাজ ডুবা হ্যায়’ গানটির সহকারী সংগীত পরিচালক হিসেবে কাজ করেন তিনি৷ যে গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং।

এরপর শুরু হয় চলচ্চিত্র সংগীতে নিয়মিত কাজ। ‘মুসাফির’, ‘অস্তিত্ব’, ‘সুপারহিরো’সহ বেশ কিছু সিনেমায় কাজের সুযোগ মেলে পারভেজের। 

এইসব কাজের মধ্যে পারভেজের পরিচয় হয় নির্মাতা মোস্তফা কামাল রাজের সঙ্গে। উনার বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তিনি। 

পারভেজ বলেন, "আমার গানগুলো দেশে বেশ সাড়া ফেলছিল। কিন্তু এরপর যে পরিমাণ কাজ আমার হাতে আসার কথা তা আসছিল না। মনে হল এত দূর তাই কাজগুলো হয়ত পৌঁছাচ্ছে না। কাজ পেতে চলে আসি দেশে। বাংলাদেশে এসে একটা স্টুডিও দেই। সংগীতশিল্পী জুয়েল মোর্শেদের সঙ্গে পরিচয় হয়, উনি আমাকে মিউজিক ক্যারিয়ার নিয়ে গাইডলাইন দেন।"

২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সিনেমা, টিভি নাটকের গান, একক সংগীত,  রেকর্ডিংয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পারভেজ। তবে কোভিড মহামারীর ধাক্কায় আবারও কাজে বিরতি আসে এই সংগীত পরিচালকের। পরিবারের সদস্যদের অসুস্থতা ও পেশাগত অনিশ্চয়তায় আবার তাকে ফিরতে হয় যুক্তরাষ্ট্রে। 

তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিচালক রায়হান রাফীর ২০২২ সালে মুক্তি পাওয়া 'পরাণ' সিনেমার 'চলো নিরালায়' গানটির সংগীত পরিচালনা করেন এই পরিচালক। পাশাপাশি  ‘জ্বলে রে পরাণ’ গানটিও আলোচিত হয়। এরপর 'লিডার: আমিই বাংলাদেশ সিনেমা, 'ওমর', 'তুফান' সিনেমাসহ বেশ কিছু সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। 

ভিন্ন দেশে থেকে সংগীত পরিচালনা করতে কী ধরনের চ্যালেঞ্জ হয় প্রশ্নে নাভেদ পারভেজ বলেন, "এখন তেমন চ্যালেঞ্জ নেই৷ আগের থেকে টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে। একজন কম্পোজার পৃথিবীর যে কোনো দেশ থেকে কাজ করতে পারেন৷ আমার চ্যালেঞ্জ হচ্ছে আমার কাজটি মুক্তির সময় প্রমোশনাল কার্যক্রমে থাকতে না পারা। আর আমি যেহেতু এখানে একটা চাকরি করি। সব কিছু ব্যালেন্স করেই কাজ করতে হচ্ছে।" 

আগামীর কাজের পরিকল্পনা জানিয়ে এই সংগীত পরিচালক বলেন, "আমি একটু বেছে বেছে কাজ করছি এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন শিল্পীদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করছি। নতুন শিল্পীদের নিয়ে কাজ করছি, তাদের প্রতিভা খুঁজে বের করতে চাই, সহযোগিতা করতে চাই। আমি যে কঠিন সময়টা পার করেছি তাদের যেন তা না হয়। আমার সংগীতের একটা নিজস্ব ক্যাটালগ তৈরি করতে চাই।  

“তাছাড়া গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে আমার কোনো কাজ যেন পৌঁছায় সেটা নিয়ে আমি স্বপ্ন দেখি।"