১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে মেয়ের কণ্ঠে ‘ঘড়ির কাঁটা’

‘ঘড়ির কাঁটা’ গানটি শোনা যাচ্ছে দিঠির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে মেয়ের কণ্ঠে ‘ঘড়ির কাঁটা’
‘ঘড়ির কাঁটা’ গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 12:00 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

প্রয়াত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী ঘিরে তার লেখা একটি গান প্রকাশ করলেন মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার।     

‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটি শোনা যাচ্ছে দিঠির নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান।

গানটি নিয়ে দিঠি আনোয়ার বলেন, "আমাকে নিয়ে আব্বুর লেখা আরও একটি গান 'ঘড়ির কাঁটা'। আব্বু যখন বেঁচে ছিলেন, তখনই এই গানে কণ্ঠ দিয়েছিলাম। ভিডিওটি কয়েক দিন আগে করা হয়েছে। গানটি আমার কাছে ভীষণ প্রিয়। মন ছুঁয়ে যাওয়ার মত একটি গান।" 

তিনি আরও বলেন, "আব্বুর গানের সহজ-সরল ভাষা, সুন্দর শব্দচয়ন এবং সাধারণ কথার মধ্য দিয়ে চমৎকার বার্তা দেওয়ার ক্ষমতা ছিল। যে কারণে তার গান খুব সহজেই মানুষকে আকৃষ্ট করত এবং সবার কাছে পৌঁছে যেত। এই গানটিও ঠিক তেমনই একটি গান। আশা করছি, সবার ভালো লাগবে।" 

গানটি নিয়ে আমান বলেন, তার কাছে গাজী মাজহারুল আনোয়ার একটি বিস্ময়। উনার লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে ‘ঘড়ির কাঁটা’ অন্যতম সেরা গান বলেও মন্তব্য করেন তিনি।   

দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে এর আগে তার বাবার লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’ গানগুলো প্রকাশ হয়েছিল। 

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বার্ধক্যের নানা শারীরিক জটিলতায় ভুগে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। 

‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মত বহু কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার।

জীবদ্দশায় তিনি ভূষিত হয়েছেন একুশে পদক আর স্বাধীনতা পুরস্কারসহ নানা সম্মাননায়।