বলিউডের বাবি ভাবতেন এফবিআই তাকে হত্যা করবে
বাবি এক সময় দোকান থেকে মেকআপ কেনাও ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি ভাবতেন কেউ তাতে ভেজাল মিশিয়ে দিতে পারে।
ভারতে সত্তর ও আশির দশকের শুরুতে গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন হিসেবে যেসব অভিনেত্রীর নাম উঠে আসে, তাদের একজন পারভীন বাবি। জীবনের শেষ দিকে মনরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বাবি বিশ্বাস করতেন আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এনডিটিভি লিখেছে, সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে হাজির হয়ে পারভিন বাবিকে নিয়ে কথা বলেন অভিনেত্রী পূজা বেদি।
পূজা বেদি জানান, বহু বছর পর পারভীন বাবি যখন ভারতে ফিরে আসেন, তখন শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন।
পূজা তাকে দেখতে তার বাড়িতে গেলে যে দৃশ্য দেখেন, তা ছিল অতীতের গ্ল্যামারাস জীবনের সম্পূর্ণ বিপরীত একটি অবস্থা।
“আমাকে অনেকেই বলেছিলেন তার (পারভীন ববি) সব কিছু এলোমেলো হয়ে গেছে। তার বাসায় যাওয়ার পর তিনি যখন দরজা খুললেন, দেখে চমকে গেলাম। তার ওজন বেড়ে গিয়েছিল, চুল পাতলা হয়েছিল।”
বাবি পূজাকে দেখে খুশি হয়েছিলেন।
পূজা বলেন, “উনি আমাকে দেখে এত খুশি হলেন। আমাকে জড়িয়ে ধরলেন, তখনো সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্ত তিনি আমাকে বললেন, ‘দুঃখিত আমি আপনাকে কিছু দিতে পারি না, কারণ আমি কেবল ডিম খাই’।
তখন পূজা জিজ্ঞাসা করেন, “কেন কেবল ডিম? বাবি বলেন, ‘এটাই একমাত্র জিনিস, যা তারা বিষাক্ত করতে পারবে না।’ কে তারা? বাবি উত্তর দেন, ‘সিক্রেট সার্ভিস বা এফবিআই।”
বাবির আচরণ যে বদলে গেছে তা লক্ষ্য করেছিলেন পূজা।
তিনি বলেন, “সব সময় তাকে উদ্বিগ্ন থাকতে দেখেছি। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন, কেউ তাকে ক্ষতি করতে চাইছে। তিনি আমাকে বলেছিলেন, তিনি আর দোকান থেকে মেকআপ কেনেন না, কারণ কেউ তাতে ভেজাল মিশিয়ে দিতে পারে।
“আমি জিজ্ঞেস করেছিলাম, কীভাবে তারা জানবে তুমি কী কিনছ এবং কখন কিনছ? তিনি বলেন, ‘তারা সব জানে।’ তখনই আমি বুঝলাম, তার মনের মধ্যে ভয়ংকর কিছু ঘটছে। আমি চিন্তিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।”
পূজার বাবা কবির বেদির সঙ্গে বাবির এক সময়ে সম্পর্ক ছিল।
কবীর বেদি পরে জানিয়েছেন, তিনি কখনো বাবিকে ছেড়ে যাননি। বরং সন্দেহ ও ভয়ের বশে বাবিই কবিরকে ছেড়ে যান।”
বাবি কখনো বিয়ে করেননি। তবে কবীর বেদি, মহেশ ভাট, ড্যানি ডেনজংপাসহ অনেকের সঙ্গে তার সম্পর্কে জড়ানোর খবর আসে।
এই তারকার জীবন শেষ হয় অত্যন্ত নিঃসঙ্গতার মধ্য দিয়ে। ২০০৫ সালের ২০ জানুয়ারি পারভিন বাবির মৃত্যু হয়। মৃত্যুর দুই দিন পর তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বাবির মৃত্যুর পর তার ফ্ল্যাটের সেক্রেটারি পুলিশকে বলেছিল, তিনি তিনদিন ধরে বাজার করেননি, কোনো সংবাদপত্র নেননি।
