Published : 11 Nov 2025, 10:30 PM
ওরাঁও গ্রামের সংস্কৃতি আর সেখানকার মানুষের গল্পে ‘ঊনাদিত্য’ নামের যে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল দেড় দশক আগে, সেটি ভারতের আগ্রায় সপ্তম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
সিনেমার পরিচালক রাজীবুল হোসেন গ্লিটজকে বলেছেন, বৃহস্পতিবার থেকে শনিবার আগ্রার জে.পি. অডিটোরিয়ামে হবে এই উৎসব। আসরের দ্বিতীয় দিন শুক্রবার প্রদর্শিত হবে ‘ঊনাদিত্য’।
পরিচালক আরও বলেছেন, উৎসবে অংশ নিতে ভারতে যাওয়ার কথা ছিল তাদের। তবে ভিসা জটিলতায় তা আর হয়ে উঠছে না।
'ঊনাদিত্য' সিনেমার কাহিনী এগিয়েছে তরুণ আলোকচিত্রী খালিদ সৈকতকে ঘিরে। এক অজানা পথে বেরিয়ে তিনি পৌঁছে যান ওরাঁও সম্প্রদায়ের গ্রামে। সেখানে পরিচয় হয় অরুণ খালকোর সঙ্গে, যিনি জন্মসূত্রে ওরাঁও হলেও ধর্মান্তরিত হয়ে স্থানীয় চার্চে দায়িত্ব পালন করেন।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদী মইনুল, রাকীবুল হোসেন, জয় রাজ, নওশের ও রানাসহ অনেকে।
'ঊনাদিত্য' সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া। সম্পাদনা করেছেন সামীর আহমেদ, সঙ্গীতায়োজন করেছে ‘যাযাবর’ (আফজাল হোসেন তামিম, দেজাউল রাসেল ও নীলকণ্ঠ)।
প্রযোজনা করেছে এশিয়ান ইন্সটিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ।
সিনেমাটি ২০০৮ সালে দ্বিতীয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ইন্ডিয়া, ২০০৯ সালে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভাল এবং একই বছর হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: ১৫ বছর পর উদ্ধার হওয়া 'ঊনাদিত্য' আসছে বড় পর্দায়