ঈদের আগে কোক স্টুডিওর ‘দেওয়ানা’
মোহাম্মাদ আব্দুল গণি ওরফে গণি পাগলের লেখা ‘দেওয়ানা’ গানটির সংগীত প্রযোজনা করেছেন ফুয়াদ আলমুক্তাদির।
কোরবানির ঈদের আগে কাওয়ালি আমেজের নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা।
‘দেওয়ানা’ শিরোনামের গানটি কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় শনিবার রাতে। গানটি গেয়েছেন শিল্পী সৌম্য মুর্শিদাবাদী নামে পরিচিত সৌম্যদীপ শিকদার; তার সঙ্গে ছিলেন তাসফিয়া ফাতিমা তাশফি এবং সূচনা শেলী।
মোহাম্মাদ আব্দুল গণি ওরফে গণি পাগলের লেখা ‘দেওয়ানা’ গানটির সংগীত প্রযোজনা করেছেন ফুয়াদ আলমুক্তাদির। এটি ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের অষ্টম গান।’
কোক স্টুডিতে সর্বশেষ মুক্তি পায় ‘কথা কইয়ো না’ গানটি। গীতিকার-সুরকার হাশিম মাহমুদের প্রেম-আকুলতার ওই গানটির পর এবারে ‘ভিন্নধর্মী’ আয়োজন করেছে কর্তৃপক্ষ।
‘কোক স্টুডিও বাংলা’ বলছে, “নিজের সিগনেচার স্টাইলে বাংলা কাওয়ালি সংগীতে নতুন মাত্রা যোগ করেছেন ফুয়াদ আলমুক্তাদির। সৌম্য মুর্শিদাবাদীর সুরেলা কণ্ঠের সাথে যুক্ত হয়েছে তাশফি ও সূচনা শেলীর শ্রুতিমধুর ডুয়েট। পপ বেজলাইন এবং সমসাময়িক সব উপাদানের মিশেলে বাংলা কাওয়ালি সংগীতের রিয়েল ম্যাজিক ফুটে উঠেছে।
গানের এই প্ল্যাটফর্মটি জানিয়েছে, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরকে কাছে পাওয়ার আকুলতা হল ‘দেওয়ানা’। গণি পাগল ছিলেন একজন বাংলাদেশি কাওয়ালি শিল্পী। অধিকাংশ কাওয়ালি গানের মত তিনিও তার গান পরম করুণাময়ের প্রতিই নিবেদন করতেন।
গানটির কথায় কাওয়ালি সংস্কৃতি ফুটে উঠলেও সুরের দিক থেকে এটি ভিন্ন। গানে শিল্পী শায়ান চৌধুরী অর্ণব একতারা বাজিয়েছেন, বাদ্যযন্ত্রে আরও আছেন রিপন কুমার সরকার (বগা)।
আরও পড়ুন
