জি সিরিজে এল লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’
জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলকে ধারণ করে প্রকাশ হয়েছে আধ্যাত্মিক ধারার প্রচলিত লোকগান ‘পালে লাগে নারে হাওয়া’।
জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন আকরাম হোসেন, সংগীত আয়োজন করেছেন আকাশ রহমান।
আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।
ভিডিওর গল্প আবর্তিত হয় অসমবয়সী এক দম্পতির বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের প্রেক্ষাপটে। সেখানে একটি গানের দলের পরিবেশনায় ‘পালে লাগে নারে হাওয়া’ ধীরে ধীরে আন্দোলিত করে এক তরুণীর জীবনে লুকিয়ে থাকা পুরোনো স্মৃতি।
গানটির ভাবনা নিয়ে পরিচালক খন্দকার সুমন বলেন, “গানটি প্রথম যখন আমার বন্ধু কণ্ঠশিল্পী আকরাম হোসেনের কাছে শুনি, তখন এক ধরনের অদ্ভুত স্মৃতিকাতরতা অনুভব করি। সেই অনুভূতিই গানটিকে ভিজ্যুয়ালি ধারণ করার আগ্রহ তৈরি করে।”
এই মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে। ন্যারেটিভ ভিজ্যুয়াল স্টাইলে নির্মিত ভিডিওটি প্রকৃতি ও মানুষের অন্তর্গত অনুভূতির মধ্যে এক ধরনের নীরব সংলাপ তৈরি করে।
ভিডিওর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, ফাতিমা আক্তার ইয়ামন এবং আশিকুর রহমান চমন।
কণ্ঠশিল্পী আকরাম হোসেন শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। ‘পালে লাগে নারে হাওয়া’ প্রযোজনা করেছে আইডিয়া এক্সচেঞ্জ। নির্বাহী প্রযোজক মাসুদ রানা নকীব। গানটির কপিরাইট ও প্রকাশনা স্বত্ব জি সিরিজ মিউজিকের।
