নতুন সংগীত আয়োজনে আসছে ‘মানুষ বড়ই স্বার্থপর’
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশ হয় সুকুমার বাউলের কণ্ঠে।
পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন সংগীত আয়োজনে তৈরি হয়েছে গান ‘মানুষ বড়ই স্বার্থপর’।
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশ হয় সুকুমার বাউলের কণ্ঠে।
এবার নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমী শবনম, সালমা, তসিবা, জারিন এবং রোহান রাজ নিজে।
সম্প্রতি শেষ হয়েছে ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানের রেকর্ডিং। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে।
ভিডিও নির্মাণ করেছেন মাসুম খান। ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
সুরকার ও গীতিকার রোহান রাজ বলেন, "তসিবা আগেই গেয়েছেন গানটি। তার গাওয়া গানটি জনপ্রিয়ও হয়েছে। সুমী শবনম ও সালমা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন গানটি তারা গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম।
“আমি নিজেও গেয়েছি। গানটি এরই মধ্যে একক কণ্ঠে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এবার পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন চ্যালেঞ্জ নিলাম। আমি খুবই আশাবাদী, আমাদের এই ভার্সনটাও শ্রোতা দর্শককে মুগ্ধ করবে।"
সালমা বলেন, "এই গান যখন প্রথম রিলিজ হয়, তখনই গানের কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এরপর প্রায়ই রোহান ভাইকে অভিমানের সুরে বলতাম, এই গানটি কেন আমাকে দিলেন না। অবশেষে আমিও গাইলাম গানটি।
“মানুষ বড়ই স্বার্থপরের সঙ্গে যুক্ত রাখার জন্য রোহান ভাইকে ধন্যবাদ। এর আগে অন্য শিল্পীর গান হিসেবে গাইতাম, এখন থেকে নিজের গান হিসেবেই গানটি গাইতে পারব।"
তসিবা বলেন, "এটা আমার খুব পছন্দের একটি গান। আমার বিশ্বাস, নতুন আয়োজনে আমাদের কণ্ঠে গানটি আরও অনেক দূরে যাবে।"
