২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

পাপ, অনুতাপ ও মুক্তির গল্প নিয়ে মঞ্চে আসছে ‘দ্য সি অব সাইলেন্স’

নাটকে চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ।

পাপ, অনুতাপ ও মুক্তির গল্প নিয়ে মঞ্চে আসছে ‘দ্য  সি অব সাইলেন্স’

দি সি অফ সাইলেন্স নাটকের দৃশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 04:50 PM

Updated : 23 Sep 2026, 04:50 PM

'থেসপিয়ানস দ্য ঢাকা' নামের নাট্যদলের 'দ্য সি অব সাইলেন্স' শিরোনামের নাটকটি ফের আসছে মঞ্চে।

দলটি জানিয়েছে, বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।

রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।

গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ। জাহাজে ওঠেন সোফিয়া ও ডেভিড নামের দম্পতি এবং তাদের কিশোরী কন্যা জেনি। সমুদ্রের মাঝে এই পরিবারটি এক আলাদা জীবনের গল্প নিয়ে আসে।

এক ঝড়ো রাতে সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মাউথঅর্গানের সুর তাদের সম্পর্কের সীমা মুছে দেয়। ধীরে ধীরে উন্মোচিত হয় মানুষের স্মৃতি, ভয় ও গোপন অতীত।

জাহাজের দুলুনির মত চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ। মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয় সবার ভেতরে।

নাটকটি নিয়ে নির্দেশক তাজউদ্দিন তাজু বলেন, "রহস্য, নৈতিকতা, প্রেম ও সময়ের সীমানা অতিক্রম করা এক মানবিক ট্র্যাজেডি এই নাটকের ভেতর দিয়ে আমি খুঁজেছি অপরাধবোধ, ভালোবাসা ও ক্ষমার সূক্ষ্ম সীমারেখা। সমুদ্রের বুকে ভেসে চলা এক জাহাজে মানুষ মুখোমুখি হয় নিজেরই অতীত, ভয় আর অন্ধকারের।

“লরেন্স, সোফিয়া, ডেভিড ও জেনির মাধ্যমে উঠে এসেছে পাপ, অনুতাপ ও মুক্তির এক গোপন আখ্যান। নাটকে আমি বারবার অনুভব করেছি 'পাপ কখনো ডুবে যায় না।' স্মৃতির জলে আর মাউথ অর্গানের সুরে ভেসে ওঠা সেই পাপই হয়ত একদিন ক্ষমার গান হয়ে বাজে।"

তিনি আরও বলেন, "এই নাটকটি মানুষের আত্মার এক যাত্রা পাপ থেকে অনুতাপ, অনুতাপ থেকে মুক্তির দিকে। যদি দর্শকের মনে এক মুহূর্তের গম্ভীর নীরবতা নেমে আসে, তবে সেখানেই এই নাটকের সার্থকতা।"

'থেসপিয়ানস দ্য ঢাকা' জানিয়েছে, প্রদর্শনী শুরুর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সামনে থেকে দর্শকরা নাটকের টিকেট সংগ্রহ করতে পারবেন।