২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান অটো চালাচ্ছেন কেন? হলিউডি সিনেমার ভিডিও ফাঁস

২০২১ সালে মুক্তি পাওয়া ‘সেভেন ডগস’ নামের আর্জেন্টিনার সিনেমার হলিউড রিমেক তৈরি হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2025, 10:22 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

হলিউডের দুনিয়ায় পা রাখছেন হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খান। আর সেই সিনেমার শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে সালমানকে অটো চালকের পোশাকে দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘সেভেন ডগস’ নামের আর্জেন্টিনার সিনেমার হলিউড রিমেক তৈরি হচ্ছে।

রড্রিগো গুয়েরা পরিচালিত ওই থ্রিলারধর্মী সিনেমায় বিশেষ চরিত্রে থাকছেন বলিউডের ভাইজান। সিনেমার শুটিং চলছে দুবাইয়ে। সেখানকার শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে অটোর পাশে দাঁড়িয়ে আছেন সালমান। পরনের খাকি রঙা পোশাক দেখে প্রশ্ন উঠেছে সালমান কী তবে অটো চালকের ভূমিকায় অভিনয় করছেন!

ওই ভিভিওতে সালমানের ঘাড়ে আছে অটো চালকদের মত রুমালও। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেছে অভিনেতাকে। পাশেই দাঁড়ানো অভিনেতা সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এই হলিউডি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

সালমানের চরিত্র নিয়ে নির্মাতা টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি।তবে সালমানের চরিত্র নিয়ে চমক আছে সেটা বলা যায়। কারণ এর আগেও ওই সিনেমার শুটিং সেট থেকে আরেকটি ভিডিও সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল নায়ক অফ হোয়াইট রঙের শার্ট পরে, প্যান্টের পকেটে হাত দিয়ে একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছেন।  

টাইম অব ইন্ডিয়া বলছে, অভিনেতাকে এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে কী না সেটি নিয়ে ধোঁয়াশা রেখেছেন নির্মাতারা। তবে সালমান ও সঞ্জয়ের অ্যাকশনের একাধিক দৃশ্য থাকবে তাতে। 

এর আগে ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের মত একাধিক তারকা পা রেখেছেন পশ্চিমি বিনোদুনিয়ায়। সালমান সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন।