২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবেশ বাঁচাও’ র সভায় প্রশ্ন রাজউকের ভূমিকা নিয়ে

পরিকল্পিত নগরী গড়তে যে কার্যক্রম রাজউকের চালানোর কথা, তা চালানো হচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 12:22 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার এক আলোচনা সভায় মূল প্রবন্ধে এই বক্তব্য তুলে ধরে বলা হয়, রাজউক নিজেই এখন ডেভেলপারের ভূমিকায় নেমেছে।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সম্পাদক হাসান তারিক চৌধুরী।

আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।

হাসান তারেক বলেন, ঢাকা মহানগরীর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন তদারকির মূল কর্তৃপক্ষ হিসেবে রাজউকের ভূমিকা এখন বিতর্কিত। দুর্নীতিগ্রস্ত নীতির কারণে তারা তাদের মূল কাজ বাদ দিয়ে নিজেরাই এখন ডেভেলপারের ভূমিকা পালন করছে।

রাজউক কর্তৃপক্ষ তাদের সমন্ত মনোযোগ ও জনবলের অধিকাংশই নগর উন্নয়নের কাজে ব্যবহার না করে প্লট বিতরণ ও ভবন নির্মাণের কাজে নিয়োজিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

‘দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক এই আলোচনা সভায় আনু মুহাম্মদ বলেছেন, “রাষ্ট্র অনেক ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত নীতি ও দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য নীতি প্রণয়ন করে থাকে।”

বেসরকারি খাত পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

“এ দেশে অনেক গবেষক দারিদ্র্য নিয়ে গবেষণা করলেও এখন দরকার ধনীদের নিয়ে গবেষণা করা। ধনীরা কিভাবে ধনী হলো তা উঠে এলে দারিদ্র্যের আসল কারণগুলো বোঝা যাবে।”

এম এম আকাশ  দুর্নীতি রোধে বিভিন্ন প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার ওপর জোর দেন। একই সঙ্গে রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা কাঠামোতেও পরিবর্তন আনতে বলেন তিনি।

ইফতেখারুজ্জামান দুর্নীতিগ্রস্ত নীতি ও দুর্নীতির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কথা বলেন।