২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নির্গমন: ‘ইউরোপের প্রস্তাব পৃথিবী ধ্বংস করবে’

ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে মাত্র ২০ শতাংশ কার্বন নির্গমন কমানোর সা¤প্রতিক প্রস্তাব পৃথিবীকে ধ্বংস করবে বলে অভিমত প্রকাশ করেছেন ‘জলবায়ু ন্যায়বিচার’কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে মাত্র ২০ শতাংশ কার্বন নির্গমন কমানোর সা¤প্রতিক প্রস্তাব পৃথিবীকে ধ্বংস করবে বলে অভিমত প্রকাশ করেছেন ‘জলবায়ু ন্যায়বিচার’কর্মীরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার অনুষ্ঠিত এক কর্মশালাস্থলের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের কর্মীরা ইউরোপের এই প্রস্তাবে হতাশা প্রকাশ করেন। তারা বলেন, নিজেদের অঞ্চলে কার্বন নিঃসরণ মাত্র ২০ শতাংশ কমানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব লক্ষ্যমাত্রার তুলনায় একেবারেই নগণ্য। তাদের এ প্রস্তাব গ্রহণ করা হলে তা পৃথিবিকে ধ্বংস করে দেবে। জাতিসংঘের দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাংককে এ কর্মশালার আয়োজন করেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঢাকায় ইকুইটি ও জাস্টিস গ্রুপের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালাস্থলের বাইরে এ বিক্ষোভের আয়োজন করে জুবিলিসাউথ এশিয়া প্যাসিফিক মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (জেএস-এপিএমডিডি)। এতে বিক্ষোভকারীরা দাবি করেন, জলবায়ু পরিবর্তনের সমস্যার সত্যিকার সমাধান হলো ইউরোপের দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত ও ধনী দেশগুলোর ব্যাপক হারে কার্বন নির্গমন কমানো। জেএস-এপিএমডিডি’র সমন্বয়কারী লিডি নেকপিল বলেন, ইইউ’র বর্তমান প্রস্তাব কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে পূর্বেকার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, “২০ শতাংশ নির্গমন কমানোর অর্থ হলো- যেসব দেশ ঐতিহাসিকভাবে কার্বন বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী তাদের আসলে কার্বন না কমানো এবং সবকিছুই আগের মতো থাকা। এই ধরনের ব্যবস্থা আমাদের এই পৃথিবীকে ধ্বংস করে দেবে।” বাংলাদেশের ইক্যুইটি অ্যান্ড জাস্টিস গ্রুপের রেজাউল করিম চৌধুরী বলেন, কার্বন নির্গমন কমাতে কোনো উদ্যোগ না নেওয়া মানে হলো স্বল্পোন্নত দেশগুলোতে কার্বন গণহত্যা চালানো এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর বিলুপ্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২০০ ঘ.