২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণের প্রতিবাদে তুরাগে অবস্থান কর্মসূচি শেষ

শিল্পবর্জ্যরে দূষণ থেকে নদ-নদীকে রক্ষার দাবিতে টঙ্গী ব্রিজ সংলগ্ন তুরাগ নদে নৌ-বহরে ৩৬ ঘন্টার অবস্থান কর্মসূচি শনিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পবর্জ্যরে দূষণ থেকে নদ-নদীকে রক্ষার দাবিতে টঙ্গী ব্রিজ সংলগ্ন তুরাগ নদে নৌ-বহরে ৩৬ ঘন্টার অবস্থান কর্মসূচি শনিবার শেষ হয়েছে। শুক্রবার সকালে এ কর্মসূচি শুরু হয়। গাজীপুর জেলা পরিবেশ আন্দোলন এই কর্মসূচি পালন করে। গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি আনোয়ার সা’দতের সভাপতিত্বে দুই দিনের এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সহ-সভাপতি এস আই খান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, জাকির হোসেন, শরীফ জামিল, গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মো. ছানাউল্লাহ মিয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আ. মান্নান মোল্লা, সাংগাঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্যাহ প্রমুখ। বক্তারা বলেন, “এই নদীগুলো আমাদের পূর্ব পুরুষের রক্ত আর ঘামের ফসল। এসব নদী আমাদের অস্তিত্ব।” গাজীপুর জেলা ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হুমকির মুখে। এর সবচেয়ে বড় কারণ হল শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য, কালো ধোঁয়া, গ্যাস ইত্যাদি। শিল্পকারখানায় বর্জ্য শোধনাগারের (ইটিপি) ব্যবহার না থাকায় গাজীপুরের প্রায় সব শিল্পবর্জ্য তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী, পারুলী, সুতিয়া ও তার পার্শ্ববর্তী বিলে গিয়ে পড়ছে। ফলে এসব জলাশয় সমূহের পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে। প্রথম দুটি ছাড়া অন্য নদীগুলো বর্তমানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। মাছ, জলজপ্রাণী, সোনালী ফসল, শাক-সবজি, ফল সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। শিশু-কিশোররা নানা অজানা চর্মরোগে ভুগছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২২ ঘ.