ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাতটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড।
এর মধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন এবং ৪৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প নীতিগত অনুমোদন পেয়েছে। এ দু’টি প্রকল্পও বোর্ডের পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।
সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বোর্ডের সভাপতি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর ডান তীরে কাউতলী থেকে কাঞ্চনপুর বাজার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) এ প্রকল্পের জন্য ১৬ কোটি টাকা ব্যয় হবে।
চট্টগ্রাম আনোয়ারার পারকী সৈকত সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধ উন্নীতকরণ ও সংরক্ষণ প্রকল্প এবং পটিয়া পৌরসভার পয়ঃনিষ্কাষণ (ড্রেনেজ) ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও এতে অনুমোদন পায়।
এতে মোট ব্যয় হবে ২২ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে পারকী সৈকতের বেড়িবাঁধের জন্য ১৮ কোটি টাকা এবং পটিয়া পৌরসভার জন্য দুই কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে।
এছাড়া দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং ১০ কোটি সাত লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও পৌরসভার টেকসই পানি ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও সভায় অনুমোদন দেওয়া হয়।
নীতিগতভাবে অনুমোদন পাওয়া প্রকল্প দু’টি হচ্ছে- ইউনিয়ন ও তথ্যসেবা কেন্দ্রে সৌরবিদ্যুতের (সোলার) প্যানেল স্থাপন এবং উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প দু’টিতে ব্যয় হবে ৪৪ কোটি ২৯ লাখ টাকা।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১২৭ ঘ.
bdnews24