চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য নিঃসরণ ঘটানোয় চট্টগ্রাম ইপিজেডের চার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর তিনটির মালিক বিদেশি।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া অভিযান চালিয়ে প্রতিষ্ঠান চারটির প্রতিনিধিকে বুধবার অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেন।
প্রতিষ্ঠান চারটি হল- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ৪ নম্বর সেক্টরের ফ্যামিলিট্যাক্স বিডি লিমিটেড, একই এলাকার চিটাগাং নিট ওয়্যার লিমিটেড, ইনস্টিটিউশনাল টেক্সটাইল মিলস লিমিটেড ও ইয়ং ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড।
এর মধ্যে প্রথম দুটি ওয়াশিং কারখানা এবং বাকি দুটি ডাইং কারখানা। এর মধ্যে ইনস্টিটিউশনাল টেক্সটাইল ছাড়া বাকি তিনটিই বিদেশি।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আস্রাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা চারটি পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই তাদের অপরিশোধিত বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীতে ফেলে পরিবেশ দূষণ করছিল বলে অভিযানে ধরা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৪০ ঘ.
bdnews24