ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফররত ব্রিটিশ কূটনীতিক জন অ্যাশটন বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার প্রয়োজন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি অ্যাশটন শুক্রবার সাংবাদিকদের বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য হওয়ায় কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন না করা ভুল হবে। তবে একইসঙ্গে পরিবেশ দূষণের দিকটিও বিবেচনায় আনতে হবে।
"এক্ষেত্রে দুটি পথ খোলা আছে। কয়লা ব্যবহার বন্ধ করা, অথবা দূষণ কমানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা।"
তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিবেশবান্ধব কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারে বাংলাদেশ।
"বিশ্বব্যাংক ও ডিএফআইডির মতো সংস্থাগুলো এ ব্যাপারে সহায়তা করতে পারে।"
গ্যাস সঙ্কটের কারণে সরকারও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে জোর দিচ্ছে। কিন্তু কয়েকটি সংগঠন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করে আসছে।
রাজনৈতিক ঐকমত্য
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজনৈতিক ঐকমত্যের ওপর গুরুত্বা দিয়েছেন এই ব্রিটিশ কূটনীতিক।
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে নীতি নির্ধারণের জন্য সব রাজনৈতিক দলের একযোগে কাজ করা উচিত।"
জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বাংলাদেশ তার একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে চলতি শতকের শেষ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ সাগরে তালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২২৩৪ ঘ.
bdnews24