ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছতা ও যথাযথ ব্যবস্থাপনায় জলবায়ু তহবিলের অর্থ ব্যয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারের নয়টি মন্ত্রণালয় ও বিভাগ এবং সাতটি উন্নয়ন সংস্থা ও দাতা দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালার প্রধান অতিথি স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন জানান, দেশ-বিদেশের উৎস থেকে অর্থ নিয়ে যে জলবায়ু তহবিল তার সুব্যবস্থাপনা নিশ্চিতে ক্লাইমেট পাবলিক এক্সপেন্ডিচার এ্যান্ড ইন্সটিটিউশনাল রিভিউ (সিপিইআইআর) প্রকল্প নেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার জানান, উন্নত দেশগুলো অনুন্নত ও উন্নয়নশীল দেশে যে সহায়তা দেয় তার সিংহভাগই আসে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা খাতে।
"এ খাতে স্বচ্ছতা ও সুব্যবস্থাপনার মাধ্যমে অর্থ ব্যয়ে সিপিইআইআর একটি সৃজনশীল পদ্ধতি। এ অর্থ ব্যয়ে বাংলাদেশের ব্যবস্থাপনা শুধু এ অঞ্চলে নয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোকেও পথ দেখাবে।"
গত বছরের ২৫ এপ্রিল তিনশ ৭০ কোটি টাকার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে সরকার।
কর্মশালায় সরকারের অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিবেশ ও বন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ কৃষি মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, গ্রামীণ উন্নয়ন ও সমবায় বিভাগের ২৫ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেন।
দাতা দেশ ও সংস্থার মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ডিএফআইডি, নেদারল্যান্ডস দূতাবাস, ডেনিশ দূতাবাস, নরওয়েজিয়ান দূতাবাস ও ইএনডিপি প্রতিনিধিও অংশ নেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ কর্মশালার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৫ ঘ.
bdnews24