ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে আরো সাড়ে সাত কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিলের (বিসিসিআরএফ) মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।
এছাড়া খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও বনায়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরো ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি।
সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান বুধবার সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এ সহায়তার কথা জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এবং ডিএফআইডি'র (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন তার সঙ্গে ছিলেন।
বৈঠক শেষে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। গত অর্থবছরেও দেশটি বাংলাদেশকে সর্বোচ্চ উন্নয়ন সহায়তা দিয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিভাবে দুই দেশ আরো নিবিড়ভাবে কাজ করতে পারে, সে বিষয়ে বৃটিশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় 'মিটিগেশন' সংক্রান্ত বৈঠক প্রসঙ্গেও তার সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত বিশ্বের প্রতিশ্র"ত সহায়তার 'ফার্স্ট স্টার্ট ফান্ড'র তহবিল এখনো ছাড় না হওয়ায় বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে হতাশা রয়েছে। এ বিষয়ে বৃটিশ মন্ত্রীকে অবহিত করা হয়েছে।
একইসঙ্গে এ তহবিলের অর্থ দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে ছাড় না করতেও তাকে বলা হয়েছে। এতে বৈষম্য সৃষ্টির আশংকা রয়েছে। এরপরও দ্বিপক্ষীয় ভিত্তিতে এ তহবিলের অর্থ ছাড় দেওয়া হলে, তা কেন্দ্রীয় নীতিমালা ও পর্যবেক্ষণের ভিত্তিতে দিতে সফররত বৃটিশ মন্ত্রীর সহায়তা চাওয়া হয়েছে বলে পরিবেশ প্রতিমন্ত্রী জানান।
এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নতুন বাঁধ নির্মাণ, পুরোনো বাঁধ সংস্কার ও মেরামত, উপকূলে বনায়ন ও বনজ সম্পদ রক্ষা, নদী শাসন ও খনন এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি রোধে কার্যকর সহায়তা চাওয়া হয় যক্তরাজ্যের কাছে।
বনায়নের জন্য বৃটিশ সহায়তা বৃদ্ধির বিষয়ে অ্যালান ডানকান ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বলে জানান হাছান মাহমুদ। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্যও তিনি প্রতিমন্ত্রীকে বলেছেন।
এর আগেও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিসিসিআরএফ তহবিলের মাধ্যমে বাংলাদেশকে সাড়ে সাত কোটি পাউন্ড সহায়তা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআরডি/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24