ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও ফরিদপুরে টর্নেডোয় দুশতাধিক ঘর বিধ্বস্ত ও বিপুল সংখ্যক গাছ উপড়ে পড়েছে। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল।
অনেক ঘরের চালা উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। শনিবার রাতে এই টর্নেডো আঘাত হানে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিমপাড়া গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।
সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম পাটোয়ারি ও স্থানীয়রা জানান, রাত ১১ টার দিকে প্রচণ্ড বাতাস ও শব্দে টর্নেডো আঘাত হানে। মাত্র ১ মিনিটের মধ্যে গ্রামের অর্ধশত ঘর বিধ্বস্ত হয়।
বনগ্রাম বাজারের ৬টি দোকান গুড়িয়ে গেছে। বাড়িঘর হারিয়ে অনেক পরিবার নি:স্ব হয়ে পড়েছে।
ফরিদপুর: সদর উপজেলার কেশবনগর এবং নগরকান্দা উপজেলার কোনা গ্রামে এক মিনিট স্থায়ী টর্নেডোতে দেড়শতাধিক বসতঘর এবং প্রায় এক হাজার গাছ উপড়ে পড়েছে। কোথাও কোথাও টিনের চাল উড়ে গিয়ে গাছে, মাঠে ও বিদ্যুতের তারে ঝুলে আছে। পাট ও ধানগাছ মাটির সঙ্গে মিশে গেছে। চাল উড়ে যাওয়ায় ঘরে রাখা ধান-চাল, পেঁয়াজ ও রসুনের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, রাত ১টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ করে গরম হাওয়া বইতে শুরু করে। মুহূর্তের মধ্যেই টর্নেডো আঘাত হানে এবং ঘরবাড়ি, গাছপালা ও ফসল লণ্ডভণ্ড করে দিয়ে যায়।
কেশবনগরের চাতাল মালিক হারুন জানান, তার মিলে রক্ষিত আড়াই শতাধিক চাল ও ধানের বস্তা সম্পূর্ণ ভিজে গেছে।
ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে অবস্থান করেছে।
নগরকান্দার ইউএনও এসএম আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৩ ঘ.
bdnews24