২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনকে ভোট দেওয়া যাবে এসএমএসেও

পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে নির্বাচনে এবার সংক্ষিপ্ত মোবাইল বার্তার (এসএমএস) মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে নির্বাচনে এবার সংক্ষিপ্ত মোবাইল বার্তার (এসএমএস) মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে দু'পক্ষের মধ্যে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে বাংলাদেশ সফররত নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন'র (এনসেভেনডব্লিউএফ) পরিচালক জ্যঁ পল দ্য লা ফঁতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে রোববার প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি আশাবাদী, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এসএমএস-এর মাধ্যমে ভোট দেওয়ার কার্যক্রম শুরু করা যাবে। হাছান মাহমুদ বলেন, "আমরাই প্রথম মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সুন্দরবনকে ভোট দেওয়ার প্রস্তাব করেছি। এ ব্যাপারে এনসেভেনডব্লিউএফ'র পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে। চুক্তি হলেই আমরা এসএমএসের মাধ্যমে ভোট দিতে পারবো।" সুন্দরবনকে নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৫ দিন পর মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে দেশের ৭ কোটি মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে। বর্তমানে বিভিন্ন জেলায় গাড়ি পাঠিয়ে ভোট দেওয়া এবং নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছে সরকার। "তবে আমাদের আরো অনেক ভোটের প্রয়োজন। এজন্য এসএমএসের মাধ্যমে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে", বলেন প্রতিমন্ত্রী। এনসেভেনডব্লিউএফ'র পরিচালক লা ফঁতে বলেন, সুন্দরবনকে সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। গণমাধ্যমও বলিষ্ঠ ভূমিকা রাখছে। এসএমএস ভোট চালু করে ভোটদান প্রক্রিয়া সহজ করতে সহযোগিতায় আমরা সম্মত রয়েছি। বর্তমানে ইন্টারনেট ও টেলিফোনের মাধ্যমে সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশই প্রথম মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) ভোট দেওয়ার প্রস্তাব করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩২৬ ঘ.