২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে সংরক্ষিত বনের স'মিল বন্ধের নির্দেশ

টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের গাছ নিধনে জড়িত সব স'মিলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের গাছ নিধনে জড়িত সব স'মিলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরেরও নির্দেশ দেওয়া হয়। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। গত ৫ জুন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে সংরক্ষিত এই বনাঞ্চলে ৫২টি অবৈধ স'মিলের নির্বিচার বন উজাড়ের বিষয়ে প্রকাশিত সচিত্র প্রতিবেদনের ভিত্তিতে সকালে এই রিট আবেদনটি দায়ের করা হয়। সখীপুর সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ এসব স'মিলের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক, বিভাগীয় বন কর্মকর্তা, টাঙ্গাইলের পুলিশ সুপার, সখীপুরের রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই নির্দেশ বাস্তবায়ন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়। সেইসঙ্গে এই সংরক্ষিত বন রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- আদালত এর ব্যখ্যা চেয়েছে সরকারের কাছে। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পরিবেশ সচিব, প্রধান বন রক্ষক, ডেপুটি প্রধান বন রক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় বন কর্মকর্তা, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, অ্যাসিস্ট্যান্ট বনরক্ষক, সখীপুরের রেঞ্জ কর্মকর্তা এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্ট এই সংরক্ষিত বনে গাছ কাটা প্রতিরোধে অব্যাহত তদারকির জন্যও টাঙ্গাইলের পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা এবং সখীপুর রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়। রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "আমাদের পরিবেশ রক্ষায় ২৫ শতাংশ বন থাকা দরকার। কিন্তু আমাদের তা নেই। বরং বিদ্যমান বনও অবাধে উজাড় করা চ্ছে। টাঙ্গাইলের ওই সংরক্ষিত বনে অবৈধ এসব স'মিলের কার্যক্রম সব সরকারের আমলেই চলে। কেবলমাত্র স'মিলের নেতৃত্ব বদলায়।" সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৩১ ঘ.