চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নানা আয়োজনে রোববার পরিবেশ দিবস পালন করেছে পরিবেশ অধিদপ্তর।
এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- 'আপনার সেবায় প্রকৃতি ও বন'।
সকাল নয়টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে বের হয় পরিবেশ দিবসের বর্ণাঢ্য র্যালি। এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুসলিম ইন্সটিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আনসার বাদক দল, বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক সংগঠন র্যালিতে অংশ নেয়।
পরে সকাল পৌনে ১০ টায় মুসলিম ইন্সটিটিউটে শুরু হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ।
মুখ্য আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
আফসারুল আমীন বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বনভূমি বৃদ্ধি এবং বৃক্ষনিধন থেকে বিরত থাকতে হবে। পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন স্তরের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী আফসারুল আমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১৫৭ ঘ.
bdnews24