২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ পরিবেশ যাচাইয়ে বিশ্ব ব্যাংকের জরিপ

বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের পরিবেশ যাচাইয়ে জরিপ শুরু করেছে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের পরিবেশ যাচাইয়ে জরিপ শুরু করেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, চলতি মে মাস ও জুনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের চারটি অঞ্চলে 'বাংলাদেশ এন্টারপ্রাইজ সার্ভে ২০১১' শিরোনামের এ জরিপ হবে। জরিপের ফল যেন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বশীল হয় সেজন্য দৈবচয়ন পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। 'এটি বাংলাদেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগ উন্নয়নে বিশ্বব্যাংকের সামগ্রিক প্রচেষ্টার একটি অংশ।' উৎপাদন ও সেবা খাতের এক হাজার দুশ ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিপটি চালানো হবে। এটি বিশ্বব্যাংকের তৈরি পোশাক শিল্পের ওপর চলতে থাকা আরেকটি জরিপের সহায়ক হবে। এক হাজারটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ওপর ওই জরিপ পরিচালিত হচ্ছে। বিশ্বব্যাংক বিভিন্ন দেশের জন্য পৃথক প্রশ্নমালার ভিত্তিতে বিশ্বব্যাপী এ ধরনের জরিপ পরিচালনা করে। প্রশ্নমালায় উদ্ভাবন ও প্রযুক্তি, প্রতিযোগিতা, শ্রমিক ইস্যু, অনানুষ্ঠানিকতা, অর্থ বিনিয়োগের প্রবেশাধিকার, অবকাঠামো এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের ওপর সরকারি বিধিনিষেধসহ বিভিন্ন বিষয় থাকে। এস আর জি বাংলাদেশ লিমিটেড ও এ সি নেলসনের মতো বাংলাদেশের দুটি শীর্ষ গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান জরিপটি পরিচালনার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী সেপ্টেম্বর জরিপের প্রাথমিক ফল পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/পিডি/২০২১ ঘ.