২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বিচার নিধনে হুমকির মুখে কচ্ছপ

দেশের দক্ষিণাঞ্চলে অবাধে নিধন হচ্ছে মিঠা পানির কচ্ছপ। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীর নিধন আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও তাতে গা করছে না কেউ। রিপন চন্দ্র মল্লিকের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 04:14 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রিপনচন্দ্র মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি

মাদারীপুর, এপ্রিল ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলে অবাধে নিধন হচ্ছে মিঠা পানির কচ্ছপ। চার জেলার ২৫টি বাজারে রীতিমতো হাট বসিয়ে এসব কচ্ছপ বিক্রি হচ্ছে।

এ প্রাণী সংরক্ষণে পহেলা বৈশাখ প্রশাসন গোপালগঞ্জে দুইশ বছরের পুরনো একটি কচ্ছপের মেলা বন্ধ করে দিলেও তারপর এর কোনো প্রভাব দেখা যায়নি। বরং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন, কচ্ছপ নিধন একটি স্বাভাবিক ব্যাপার।

মঙ্গলবার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডব্লিউটিবি) এর প্রধান নির্বাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে মিঠাপানির বেশ ক'টি প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। আবাসস্থল ধ্বংস, দূষণ ও বেশি আহরণেই এদের বিপন্নতার কারণ।

"যেভাবে নির্বিচারে নিধন হচ্ছে তাতে এ প্রজাতিরি বিলুপ্তির পথ দ্রুত ঘনিয়ে আসবে", বলেন তিনি।

বাংলাপিডিয়ায় ঢাবি'র একই বিভাগের অধ্যাপক সোহরাব উদ্দিন সরকার জানান, দেশের ২৭ প্রজাতির কাছিমের মধ্যে গোত্রে ৪টি Cheloniidae ও Dermochelyidae গোত্রে এক প্রজাতির কাছিম এবং Bataguridae, Testudinidae ও Trionychidae গোত্রে ২২ প্রজাতি রয়েছে।

মিঠাপিানির কাছিমসহ Freshwater Tortoise (Cyclemis dentata), অধিকাংশ কাছিম দেশের সর্বত্র ব্যাপক ছড়িয়ে আছে। কাছিমের মাংস ও ডিম খাওয়ার পাশাপাশি রপ্তানিও হয়।

সামুদ্রিক প্রজাতির কচ্ছপ সংরক্ষণের জন্য দেশে বিশেষ পর্যবেক্ষণ থাকলেও মিঠা পানির কচ্ছপ সংরক্ষণে কোনো উদ্যোগ নেই।

গত কয়েকদিন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কয়েকটি বাজার ঘুরে কচ্ছপ নিধনের চিত্র দেখা গেছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার শশিকর, রাজৈর উপজেলার কদমবাড়ী, টেকেরহাট, গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়ী হাট, ভাঙ্গারহাট, লখন্ডার হাট, রামশীল, চলবল, রাজাপুর উপজেলার আন্ধারমানিক, ঘাঘর হাট, বান্ধাবাড়ীর হাট, মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাজারে হাটের দিন প্রকাশ্যেই এসব কচ্ছপ বিক্রি করেন ব্যবসায়ীরা।

জলিরপাড় বাজারের কচছপ বিক্রেতা মনোহর দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছরের কার্তিক মাস থেকে বৈশাখ পর্যন্ত (অক্টোবর থেকে এপ্রিল) কাছিম শিকার মৌসুম। এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা কচ্ছপ শিকার করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে।

মনোহর বলেন, জলিরপাড় এলাকায় অনেক সনাতন ও খ্রিস্টান ধর্মাবলম্বী বাস করায় এ অঞ্চলে কচ্ছপের চাহিদা একটু বেশি। মিঠা পানির কচ্ছপ প্রতিকেজি হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

একই বাজারের অনিল ওঝা জানান, তিনি প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫টি কচ্ছপ বিক্রি করেন। প্রতিটি কচ্ছপ গড়ে ২ থেকে ৫ কেজি ওজনের হয়।

প্রতিটি বাজারেই এরকম ১০ থেকে ১২ জন কচ্ছপ বিক্রেতা আছে। তবে ব্যাপক হারে নিধনের কারণে কচ্ছপ যে করছে, তা বিক্রেতাদের কথায়ই স্পষ্ট।

কালকিনির শশিকর বাজারের কচ্ছপ বিক্রেতা মহানন্দ বৈরাগী বলেন, "এ্যাহন আর আগের মতোন মিঠাপানির বাধী, সন্ধি ও কাডুয়া কাছিম পাওয়া যায় না। কাছিম ধরিও অনেক কম, আবার বেচিও অনেক বেশি দামে।"

দেশে বন্যপ্রাণী আইনে যে কোনো বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা অপরাধ। ১৯৭৪ ও ২০১০ সালের আইনে এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান।

তিনি বলেন, এসব বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণে যে আইন রয়েছে তাতে শাস্তির মাত্রা তুলনামূলকভাবে কম। যতটুকু শাস্তির ব্যবস্থা রয়েছে সেগুলো যদি কার্যকর করা হতো তাহলেও কচ্ছপ নিধন কমতো বলে মনে করেন কামরুল।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগাতেই শাখারীবাজার, তাঁতি বাজার ও ফার্মগেট এলাকায় অবাধেই কচ্ছপ বিক্রি হয়।

পহেলা বৈশাখ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর মাহমুদ আন্ধারমানকি বাজারের দুইশ' বছরের কচ্ছপ মেলা বন্ধ করে দেন।

তবে এলাকাবাসী জানায়, একদিন মেলা বন্ধ থাকলেও এরপর আর কোনো প্রচারণা দেখা যায়নি। যেদিন মেলা বন্ধ করে দেওয়া হয় সেদিনও গোপনে কচ্ছপের মাংস বিক্রি হয়েছে।

কচ্ছপ ব্যবসায়ীরা জানান, ফরিদপুর ও নড়াইল জেলায় সবচেয়ে বেশি কচ্ছপ নিধন হয়।

নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ, তুলারামপুর, মাইজপাড়া ও গোবরা, কালিয়া উপজেলার চাঁচুড়ি ও পিরোলী এবং লোহাগড়া উপজেলার এড়েন্দা, দিঘলিয়া ও বড়দিয়া হাটে ঘুরে দেখা গেছে, এখানেও প্রকাশ্যে চলছে কচ্ছপের বেচাকেনা।

বিক্রেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা হাটে কচ্ছপ বিক্রি করে আসছেন। এ কাজ করতে গিয়ে এখন পর্যন্ত তারা কোনো ধরনের বাধার সম্মুখীন হননি।

ফরিদপুর জেলার কানাইপুর উপজেলার কচ্ছপ ব্যবসায়ী অজিত সরকার (৪০) জানান, ফরিদপুরের চেয়ে মাদারীপুরের টেকেরহাট ও জলিরপাড় এলাকায় দাম ভালো পাওয়া যায়। তাই তিনি কচ্ছপ নিয়ে মাদারীপুরে এসেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল বলেন, দেশে জলাভূমি কমে যাওয়ায় এমনিতেই কচ্ছপ বিলুপ্ত হয়ে যা"েচ্ছ। তার উপর নির্বিচারে কচ্ছপ হত্যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছে।

তিনি জানান, সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার মৌসুমে সোনাদিয়া, সেন্টমার্টিন, টেকনাফ উপকূলে উঠে আসত। কিন্তু পর্যটকদের চাপ বেড়ে যাওয়ায় এখন এসব এলাকায় আর আগের মতো কচ্ছপ আসছে না।

মাদারীপুর জেলার সহকারী পাবলিক প্রসিকিউটর শাহানা শৈলী বলেন, "বাংলাদেশ বন্যপ্রাণী আইন (সংরক্ষণ)-১৯৭৪ এর ২৫ ধারায় বলা হয়েছে, 'যদি কোন ব্যক্তি বন্যপ্রাণী কোন অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করার উদ্দেশ্য শিকার করে বা হত্যা করে তাহলে ঐ ব্যক্তিকে সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ডসহ পাঁচ শত থেকে এক হাজার টাকা জরিমানা করার আইন রয়েছে।"

তিনি জানান, এই বন্যপ্রাণী আইনের যেসকল প্রাণীর কথা বলা হয়েছে তার মধ্যে কচ্ছপের নাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

তবে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিঠাপানির কচ্ছপের বিষয়ে আপাতত আমাদের কোনো ধরনের কার্যক্রম নেই বা করণীয়ও কিছু নেই। বহুকাল যাবত কচ্ছপ শিকার করে বিকিকিনি হচ্ছে। এটা 'ন্যাচারাল' ব্যাপার।"

মিঠা পানির কচ্ছপ কমে যাচেছ বলেও মনে করেন না এই কর্মকর্তা।

তিনি বলেন, "মিঠা পানির কচ্ছপের প্রজনন অনেক হচ্ছে। প্রজনন না হলে এতোকাল ধরে কচ্ছপ শিকার করছে তবুওতো শেষ হচ্ছে না কেন?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/সিএস/এমআই/১০১০ ঘ.