ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের প্রাকৃতিক উৎস সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরসহ দেশের জলাভূমি ও হাওরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, সমাজভিত্তিক সহ-ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলাভূমি রক্ষা ও ব্যবহার করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সেইসঙ্গে ভূ-উপরিস্থ পানির সংকটও নিরসন করা সম্ভব এর মাধ্যমে।
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে 'বনের জন্য পানি ও জলাভূমি' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহায়তায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) সিরডাপ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ নাসিরউদ্দিন, আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ খান, সমাজভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে টাঙ্গুয়া হাওর উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ এএফএম রেজাউল করিম, টাঙ্গুয়া হাওর উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম নূর প্রমুখ।
বক্তারা জলাভূমি ও হাওর উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, হাওরগুলো আমাদের প্রাকৃতিক মাছের আধার। কিন্তু অবৈধ ব্যবহারকারী ও দখলদারর্ াএগুলোকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ অবস্থা চললে এসব মাছের আধার নষ্ট হয়ে যাবে। আমাদের বিদেশী মাছের ওপর নির্ভর করতে হবে। জাতীয় অর্থনীতির স্বার্থেই এগুলো রক্ষা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24