ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তার প্রতিশ্র"তি পূরণে শিল্পোন্নত দেশগুলো লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
আগামী ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোপ-১৭ কে সামনে রেখে শনিবার রাজধানীতে এক গোলটেবিলে এই অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, "২০০৯ সালের ডিসেম্বরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তিন হাজার কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফার্স্ট স্টার্ট ফান্ডিং নামে পরিচিত এ সহায়তা ২০১২ সালের মধ্যে পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত মোট সহায়তার মাত্র ৮ শতাংশ দেওয়া হয়েছে।"
"উন্নয়নশীল দেশগুলোকে এই অর্থ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর একটা লুকোচুরি আছে।" মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "এ অর্থ দেওয়া হয়েছে বলে দাবি করছে তারা। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায়, ২০০৮ সালেও যে টাকা দেওয়া হয়েছে সেটাও এই ফার্স্ট স্টার্ট ফান্ডিংয়ের হিসাবে দেখানো হচ্ছে।"
এক্ষেত্রে যে 'অস্বচ্ছতা' আছে তা নিরসনে একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে অর্থ বিতরণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কোপ-১৭ এ সুপারিশ করা হবে বলে জানান তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রোববার থেকে ঢাকায় অনুষ্ঠেয় 'ক্লাইমেট ভালনারেবল ফোরাম'র (সিভিএফ) সভা একটি ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিশ্ব সংস্থাটির ৩২টি সদস্য রাষ্ট্র ও ২৮টি পর্যবেক্ষক সংস্থা ও রাষ্ট্রকে এ সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ-উল-আলম ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আবাসিক প্রতিনিধি ড. এ কে এম মুসা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২১০২ ঘ.
bdnews24