২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা দূষণের দায়ে ৩০ লাখ টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদী দূষণের অপরাধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি কাগজ তৈরির কারখানার কাছ থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায়ের পর তা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের অপরাধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি কাগজ তৈরির কারখানার কাছ থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায়ের পর তা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সিদ্ধিরগঞ্জের সিমরাইলে নদী তীরে অবস্থিত বাংলাদেশ পেপার মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কাছ থেকে এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট)। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি এ পর্যন্ত পরিবেশ ছাড়পত্র গ্রহণ করেনি এবং বর্জ্য পরিশোধন প্লান্টও স্থাপন করেনি। ৪৪ বছর ধরে কারখানাটি বিরামহীনভাবে শীতলক্ষ্যা দূষণ করে চলছে উল্লেখ করে এতে বলা হয়, শীতলক্ষ্যার পরিবেশ রক্ষার স্বার্থে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা যায়, ৪৪ বছর ধরে কারখানাটি আনুমানিক ৮০ লক্ষ ঘনমিটার তরল বর্জ্য নদীতে নির্গমন করেছে। বর্জ্য থেকে এ কারখানায় দৈনিক ২৫ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। শীতলক্ষ্যা নদীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কারখানাটির বিরুদ্ধে ২০০৮ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছিলো উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারখানাটি লাল শ্রেণীভূক্ত থাকায় তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ তাদের বাধ্যতামূলক। ২০১০ সালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুর রহিমকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ঢাকার পরিবেশ আদালত আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছিলো। কারখানার কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপন করবেন বলে পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮৩৬ ঘ.