২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটা: চট্টগ্রামে ৩ ব্যক্তির জরিমানা

অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণ করায় হাটহাজারী উপজেলার জঙ্গল দক্ষিণ পাহাড়তলি এলাকায় তিন ব্যক্তিকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অদিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণ করায় হাটহাজারী উপজেলার জঙ্গল দক্ষিণ পাহাড়তলি এলাকায় তিন ব্যক্তিকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অদিদপ্তর। গত ৪ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানোর পর সোমবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এণ্ড এনফোর্সমেণ্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ৭০ ফুট উচ্চতার পাহাড়টি অবৈধভাবে কেটে বসত বাড়ি নির্মাণ করে পরিবেশের ক্ষতি সাধন করায় এ জরিমানা করা হয়।" ওই তিন ব্যক্তি হলেন- মো. মাঈন উদ্দিন, ডা. মাসুদ আহমেদ ও এম এ মান্নান চৌধুরী। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মুনীর বলেন, "আগামী তিন মাসের মধ্যে কর্তিত অংশের মাটি ভরাট করে এবং প্রাচীর নির্মাণ করে পাহাড়টি আগের অবস্থায় ফিরিয়ে নিতে এবং বনায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।" পাহাড়টির অবিকল প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে পরিবেশ আইনে মামলা দায়ের ও সম্পূর্ণ পাহাড়টি জব্দ করা হবে বলে জানান মুনীর চৌধুরী। সোমবার পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গল দক্ষিণ পাহাড়তলি মৌজার ৪৫১/১ খতিয়ানভুক্ত ৫ দশমিক ৯৪ একর পাহাড়টি ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে লিজ নেওয়া হয়। ১৯৯৭ সালে স্থানীয় ওই তিন ব্যবসায়ী ও পেশাজীবী পাহাড়টি কিনে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/০০৩০ ঘ.