সুবীর রায়
খুলনা প্রতিনিধি
খুলনা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র শীতে ঘূর্ণিঝড় আইলা দুর্গত খুলনার কয়েক লাখ মানুষের বেহাল দশা।
এর মধ্যে দাকোপ ও কয়রার অনেক মানুষ শীতবস্ত্রের অভাবে নতুন আরেক দুর্যোগের মধ্যে পড়েছে।
দাকোপের ১১টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। কামারকালী ও সুতারখালী- এ দুটি ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ বেড়িবাঁধে ঝুপড়ি ঘর করে থাকছে।
অন্যদিকে কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বেড়িবাঁধে আছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে তীব্র থেকে মাঝারি ও মৃদু শৈত্য প্রবাহ। শীতের তীব্রতা চলবে আরো দু'একদিন।
বুধবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে জেলার আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ।
আর যশোরে এই মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, শীত বস্ত্রের অভাবে আইলা দুর্গত দুই উপজেলার বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে বসবাসকারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরকারিভাবে শীত বস্ত্র বিতরণের তেমন কোন উদ্যোগ নেই। বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে নানা জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
প্রচণ্ড শীতে ঘর থেকে বের হতে না পারায় দরিদ্র পরিবারগুলো অর্ধহারে অনাহারে আছে।
২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা উপকূলে আঘাত হানে। এতে মারা যায় দুই শতাধিক। গৃহহীন হয় লাখ লাখ মানুষ।
আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ প্রায় দুই বছরেও সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে আছে বিস্তীর্ণ এলাকা। বাড়ি ফিরতে না পেরে গৃহহীন কয়েক লাখ মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধে।
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোলা আকাশের নিচে বসবাসকারী ছিন্নমূল অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরকারিভাবে ত্রাণ তৎপরতা এলাকায় তেমন দেখা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।
এই ইউনিয়নের গুনারী গ্রামের বাসিন্দা পরিতোষ সানা, মজিদ মীর, মহিতোষ সানা, মহিউদ্দিন মীর জানান, দীর্ঘদিনেও বেড়িবাঁধ সংস্কার করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।
গৃহহীন অনেক মানুষ বেড়িবাঁধের উপর ঝুপড়ি ঘর বেঁধে থাকছে। এসব মানুষই শীতে বেশি কষ্ট পাচ্ছে।
তারা জানান, সন্ধ্যা ঘনিয়ে এলেই ঝুপড়ি ঘরের সামনে খড়কুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালায় বাঁধে আশ্রয় নেওয়া লোকজন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আকবর হোসেন জানান, গত কয়েক দিনের শৈত্য প্রবাহে দুর্গত এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে শীতজনিত রোগ দেখা দিয়েছে। আক্রান্ত অনেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের অধিকাংশ শিশু ও বৃদ্ধ।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলাতুজ্জামান খান জানান, শীতার্তদের জন্য সামান্য কিছু কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আবার বরাদ্দ পেলে দুর্গতদের শীত বস্ত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
কয়রা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন জানান, কয়রা উপজেলার লক্ষাধিক মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে।
সরকারিভাবে এ উপজেলায় সামান্য কিছু কম্বল বিতরণ করা হয়েছে। তবে তা চাহিদার তুলনায় খুবই নগণ্য।
এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামান্য কিছু কম্বল দাকোপ ও কয়রা উপজেলার শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। শীতার্তদের জন্য আরো কম্বল ও চাদরের জন্য সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.
bdnews24