২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্তীর্ণ অঞ্চলে শৈত্যপ্রবাহ

দেশের পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো দুই-তিনদিন তা অব্যাহত থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো দুই-তিনদিন তা অব্যাহত থাকতে পারে। পাবনা, মাদারীপুর, শ্রীমঙ্গল, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে কুমিল্লা, বরিশাল, সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার এ তথ্য জানান। সোমবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আব্দুল মান্নান জানান, সোমবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়- ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সীতাকুণ্ডে- ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিু ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। তিনি বলেন, "উত্তরের হাওয়ার সঙ্গে দিনে কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে তাপমাত্রা বাড়ছে না। রাতেও তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী দুই-তিন দিন একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।" পরবর্তীতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানান তিনি। শীত মৌসুমে বিরাজমান এ আবহাওয়া স্বাভাবিক জানিয়ে আবদুল মান্নান বলেন, গত ২৬ ডিসেম্বর সর্বনিু তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমে সর্বনিু তাপমাত্রা আরো কমতে পারে। গত দু'সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের আবহাওয়ার প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলেও শীতের তীব্রতা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হিমালয় থেকে বয়ে আসা বাতাসে সৃষ্ট শৈত্যপ্রবাহে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে গত কয়েকদিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে দেশটির উত্তরাঞ্চলের জনজীবনে। দিল্লিসহ ভারত শাসিত কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে। ঘন কুয়াশায় দিল্লি থেকে বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দু'টি মাঝারি শৈত্যপ্রবাহ (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র শৈত্যপ্রবাহ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/পিডি/২০৩৩ ঘ.