২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী নদী কমিশন হবে: নৌমন্ত্রী

নদী রক্ষায় আইন হচ্ছে জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এর আওতায় স্থায়ী নদী কমিশন গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী রক্ষায় আইন হচ্ছে জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এর আওতায় স্থায়ী নদী কমিশন গঠন করা হবে। দখল হয়ে যাওয়ায় নদী ও খাল সঙ্কুচিত হয়ে পড়ছে স্বীকার করে এজন্য জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের দায়ী করেছেন তিনি। আর তা ঠেকাতে সরকারি দপ্তরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মন্ত্রী শাজাহান খান শনিবার এক সেমিনারে বলেন, "ঢাকার আশেপাশের বিভিন্ন নদী ও খাল দখলের সঙ্গে প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা জড়িত। এসব রক্ষায় নিয়োজিত ওয়াসার লোকজনও ঠিকমতো কাজ করে না। ফলে অবাধে এসব দখল হচ্ছে।" চারদলীয় জোটের দুজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে নদী ও খাল দখলের অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, দখলের ফলে নদী সঙ্কুচিত হয়ে আসছে। ফলে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং তলদেশে বর্জ্য জমে পরিবেশ বিনষ্ট হচ্ছে। এসব নদী রক্ষা না করলে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়বে। ধর্মকে ব্যবহার করে নদী ও খাল দখলের নজির তুলে ধরে শাজাহান খান বলেন, "অনেকেই দখল পাকা করার জন্য আগে মসজিদ বানায়। কিন্তু ওয়াকফ না করা কোনো জমিতে মসজিদ হয় না। এ বিষয়ে ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।" জলাশয় দখলমুক্ত করতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, নদী উদ্ধার করে সীমানা পিলার দিয়ে হাঁটাপথ ও বসার স্থান নির্মাণ করা হচ্ছে। এসব স্থানে সামাজিক বনায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত 'বুড়িগঙ্গা পরিচ্ছন্নকরণ: পদ্ধতি ও বাস্তবতা' শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রী। বুড়িগঙ্গার তল থেকে বর্জ্য তোলা প্রসঙ্গে শাজাহান খান বলেন, "আমরা কাজটি শুরু করেছি। ভবিষ্যতেও বুড়িগঙ্গা থেকে বর্জ্য তোলাসহ ঢাকার চারটি নদী রক্ষায় সরকার কাজ করে যাবে। নদী রক্ষায় আইন করা হচ্ছে। এর মাধ্যমে নদী রক্ষায় স্থায়ী নদী কমিশন গঠন হবে।" সেমিনারে সভাপতির বক্তব্যে বাপা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, নদী ও জলাশয়গুলোকে ভূমিদস্যু ও দখলদারদের থেকে রক্ষায় নদী ও জলাশয় দূষণকারীদের থেকে দৃষ্টান্তমূলক জরিমানা আদায় করতে হবে। ঢাকাকে রক্ষা করতে হলে এর হারিয়ে যাওয়া ৪২টি খাল উদ্ধার করতে হবে। অধ্যাপক আব্দুুল্লাহ আবু সায়ীদ বলেন, মানব বর্জ্য ও শিল্প বর্জ্য থেকেই বুড়িগঙ্গা বেশি দূষিত হচ্ছে। কিন্তু শিল্প মালিকরা র্বর্জ্যরে মাধ্যমে দূষণ বন্ধে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করছে না। এজন্য সরকারকে ইটিপি স্থাপনের উদ্যোগ নিতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মজিবুর রহমান। আলোচনা করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজিদা খানম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসনিম এ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল ইসলাম নাজেম ও ডেইলি স্টারের সম্পাদকমণ্ডলীর সদস্য শাহেদুল আনাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫৯ ঘ.