২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র বন্দরে ৩, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে প্রবল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে বলেও বুলেটিনে জানানো হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে তিন স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ হলেও কাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে ঈদের সময়টাতে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।" অধিদপ্তর জানায়, বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবতী দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে ২-৪ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৪৫ ঘ.