২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু খাতে কেবল বরাদ্দ নয়, দরকার গুণগত কার্যক্রম'

বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, বেড়ে যাচ্ছে সমুদ্রের পানির উচ্চতা। জলবায়ুর পরিবর্তনে প্রকৃতিও করছে খেয়ালি আচরণ। বাড়ছে দূর্যোগ, উদ্বাস্তু হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 12:01 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, বেড়ে যাচ্ছে সমুদ্রের পানির উচ্চতা। জলবায়ুর পরিবর্তনে প্রকৃতিও করছে খেয়ালি আচরণ। বাড়ছে দূর্যোগ, উদ্বাস্তু হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। মারাত্মক পরিবেশগত হুমকির মুখে ধীরে ধীরে তলিয়ে যেতে বসেছে দেশের উপকূলীয় এলাকা। এমন বাস্তবতায় বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে সরকার। নেয়া হচ্ছে নানা ধরণের কার্যক্রম। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেন, "জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন সবচেয়ে আলোচিত এবং বিরাট জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ।" এবারের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ও দুর্যোগ মোকাবেলা এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। জলবায়ু ও উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের তুলনায় কম হলেও এবারের বাজেটেও জলবায়ু জনিত ক্ষতি ঠেকাতে বরাদ্দ রাখা সুলক্ষণ। আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, "এই বরাদ্দ প্রমাণ করে নিজেদের উদ্যোগেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এতে করে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল গড়ে তোলা সহজ হবে।" তবে সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জ-এর নির্বাহী পরিচালক ড. আহসানউদ্দিন আহমেদ বলেন, "কেবল বরাদ্দ রাখলেই চলবে না। প্রয়োজনীয় অগ্রাধিকারগুলো ঠিক করে গুণগত কার্যক্রম হাতে নিতে হবে। বরাদ্দ করা অর্থ জায়গা মতো কাজেও লাগাতে হবে। গত বছরের অর্থ তেমন কোন কাজেই লাগানো যায়নি।" আইলা বিধ্বস্ত মানুষের পুনর্বাসনে ধীর গতিতে অসন্তোষ জানিয়ে আহসানউদ্দিন বলেন, "সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও যথাযথ বাস্তবায়ন করা দরকার। এতে করে জলবায়ু উদ্বাস্তু মানুষেরা বাঁচার আশ্রয় পাবে।" বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুত হওয়া মানুষদের পুনর্বাসনে ইতিমধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আইলা বিধ্বস্ত জেলাগুলোয় ঘূর্ণিঝড় সহিষ্ণু গৃহনির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১১০ মিলিয়ন ডলারের 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সক্ষমতা তহবিল' নামে একটি তহবিল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ড. আতিক রহমান বলেন, "সামগ্রিকভাবে আমাদেরকে পরিবেশ বাঁচানোর চিন্তা করতে হবে।" তাঁর মতে, বরাদ্দ কাজে লাগাতে নিয়মিত নদী-খাল দখলমুক্ত ও ড্রেজিং, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ শক্তিশালী করা এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। সেইসঙ্গে যানবাহন ও জ্বালানি খাতে বায়ু দূষণ রোধ, শিল্পায়ণে পরিবেশ দূষণ দূর, জীব বৈচিত্র সংরক্ষণ এবং বনভূমির প্রসার ঘটানোর উপরও জোর দেন তিনি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, পরিবেশ দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে 'জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড নীতিমালা' ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এ সংক্রান্ত আইনটিও আছে চুড়ান্ত হওয়ার অপেক্ষায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএসএম/১৮০৫ ঘ.