ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় ১১ কোটি ডলারের নতুন একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ ব্যাপারে বাংলাদেশ ও ইইউ'র মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। তহবিলটি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) নামে গঠিত হচ্ছে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ইইউ'র সহযোগিতায় ঢাকায় দুইদিনব্যাপি বিশ্ব জলবায়ু পরিবর্তন জোটের (জিসিসিএ) সম্মেলন শেষে সংবাদ সম্মেলনের পর হোটেল শেরাটনে তিনি এ তহবিল প্রতিষ্ঠার কথা জানান।
সম্মেলনের অর্জন সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এতে বাংলাদেশ, মালদ্বীপ ও কম্বোডিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ ঘোষণা স্বাক্ষর হয়েছে। ইইউ'র পক্ষে জলবায়ু বিষয়ক কমিশনার কোনি হেডেগার্ড এতে স্বাক্ষর করেন।
তিনি জানান, ইইউ'র ১১ কোটি ডলার ছাড়াও বাংলাদেশ জিসিসিএ'র উদ্যোগের আওতায় আরো ৮৫ লাখ ইউরো পাবে। এ অর্থ ইইউ'র নিজস্ব এবং স্ইুডেন ও চেক প্রজাতন্ত্রের সহায়তায় গঠিত ১০ কোটি ইউরোর একটি তহবিল থেকে দেওয়া হবে।
"এ তহবিলটি একেবারেই নতুন," বলেন ইইউ'র জলবায়ু বিষয়ক কমিশনার কোনি হেডেগার্ড।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তার জন্য ইতোমধ্যেই দেওয়া আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার বাইরে নতুন করে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছিলো স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি)।
ইউরোপীয় দেশগুলো এ সহায়তা দিচ্ছে। তবে সব দরিদ্র দেশকে এ সহায়তা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানান হেডেগার্ড।
তিনি বলেন, "এখানে মূল বিষয় হচ্ছে, তারা তাদের জন্য বরাদ্দ অর্থ পাচ্ছে। একইসঙ্গে এর যথাযথ ব্যবহার হচ্ছে।"
আটটি দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের উপস্থিতিতে দুইদিনব্যাপি সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন জোটের আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু বিষয়ক আলোচনায় বাংলাদেশ আরো শক্তিশালী অবস্থানে থাকবে বলে মনে করেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
কোপেনহেগেনে অনুষ্ঠিত গত জলবায়ু সম্মেলনে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া এবং সমন্বিতভাবে আলোচনায় অংশ নিতে পারার ব্যাপারে প্রতিমন্ত্রী ব্যক্তিগত কঠোর পরিশ্রম করেন।
ওই সম্মেলন বাংলাদেশের জন্য বাড়তি কোন আর্থিক সুবিধা দেবে কিনা, এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এতে সদস্য দেশগুলো লাভবান হবে। একইসঙ্গে জলবায়ু জোটে আমাদের অবস্থান জোরালো করবে।
বাংলাদেশের সঙ্গে পৃথক তহবিল (বিসিসিআরএফ) গঠনে কোন শর্ত থাকছে কিনা? এ প্রশ্নের জবাবে হেডেগার্ড জানান, এটা সম্পূর্ণ শর্তমুক্ত। এতে কোন শর্ত দেয়া হয়নি।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আমরা ইইউ'র সব শর্ত মানতে রাজী হইনি। বরং আলোচনায় ইইউ বাংলাদেশের শর্ত মেনে নিয়েছে। তারা আমাদেরই পুরো তহবিলটি পরিচালনার ক্ষমতা দিয়েছে। এজন্য পৃথক দুটি কমিটি গঠন করা হবে। এরমধ্যে একটি পরিবেশ প্রতিমন্ত্রীর নেতৃত্বে গভর্নিং বড়ি এবং অন্যটি সচিবের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি।
দুইদিন ব্যাপি এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, আফগানিস্তান, লাওস ও ইয়েমেন অংশ নেয়।
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে অংশ নেয়া এসব দেশ এর জন্য দায়ী নয়। এসব দেশ চায় পৃথিবী শান্ত থাক এবং তাদের জনগণ এর বিরূপ প্রভাব থেকে রক্ষা পাক। যারা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে, দায়-দায়িত্ব তাদেরই। তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে।
'কিন্তু আমাদের অবস্থা এখন এমন হয়েছে যে, আমরা যেন ক্রসফায়ারের মাঝে দাঁড়িয়ে আছি।' প্রতিমন্ত্রী বলেন।
কোপেনহেগেন সম্মেলনে কোন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর না হলেও ম্যাক্সিকোর কানকুনে এ বছরের শেষে অনুষ্ঠেয় পরবর্তী সম্মেলনে এমন একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কোনি হেডেগার্ড।
তবে ২০১১ সালের শেষে জার্মানির বন-এ অনুষ্ঠেয় সম্মেলনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিতক একটি সমন্বিত চুক্তি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর এখন থেকেই কাজ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএ/পিডি/২২২৫ ঘ.
bdnews24