কক্সবাজার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্টমার্টিনের প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকায় সোমবার উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এই অভিযানে অবৈধ দখলে থাকা ৫৫ একর জমি উদ্ধার করা হয়। উচ্ছেধ করা হয় সাতটি স্থপনা।
এ সময় জব্দ করা হয়েছে পাঁচ হাজার মেট্রিক টন শিলা পাথর, ৭৬ বস্তা সিমেন্ট, দুইটি জেনারেটর, পাঁচ মেট্রিক টন শিলা চূর্ণ, ১৯০ প্যাকেট টাইলস ও বিপুল পরিমাণ প্রবাল পাথর।
অভিযান শেষে চার ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে তলব করে নোটিশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এনফোর্সম্যান) মোহাম্মদ মনির চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কোস্ট গার্ড ও পুলিশ অভিযানে অংশ নেয়।
মনির চৌধুরী সাংবাদিকদের বলেন, সকাল ১০টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমাংশের গলাচিপা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় ৩০ জন শ্রমিকের সাহায্যে দ্বীপের বাদামবনিয়া ও শিলাবনিয়া এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
মনির চৌধুরী আরো বলেন, অবৈধ দখলবাজ কিংবা সেন্টমার্টিনের পরিবেশ ধ্বংস হয় এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না। এছাড়া যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে তাদের জরিমানা ও আইনের মুখোমুখি করা হবে।
মুনীর চৌধুরী জানান, উচ্ছেদ করা স্থাপনার মধ্যে সাগর থেকে প্রবাল পাথর তুলে তৈরি বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। রয়েছে পাথর নির্মিত সীমানা প্রাচীর ও পিলার।
অভিযান চলাকালে কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়নি। তবে সাতটি স্থাপনার মালিককে মঙ্গলবার কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যোগাযোগ করতে নোটিশ দেওয়া হয়েছে। সেখানেই জরিমানা ধার্য ও আদায় করা হবে।
চলতি মাসে আবারো অভিযান চালানো হবে বলে জানান মুনীর চৌধুরী বলেন।
নোটিশ পাঠানো চার ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান হল- অবসরপ্রাপ্ত মেজর সোহেল রানা, মোহাম্মদ সোলায়মান, কর্নেল মঈনুল, আবিদ আজাদ, কেয়ারী লিমিটেড, হোটেল ব্লু মেরিন ও হোটেল বীচ হ্যাভেন।
এদিকে বিকালে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন, সহকারী কমিশনার রুহুল আমিন ও রাজিবুল আলম দ্বীপবাসীদের সঙ্গে বৈঠক করেন।
ওই সময় দ্বীপবাসীদের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শপথ বাক্য পাঠ করানো হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের টেকনাফ কার্যালয়ের ব্যবস্থাপক আমিনুল ইসলাম মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24