২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠে ট্রান্সমিটার বসানো তিনটি পাখি ফিরেছে

স্যাটেলাইট ট্রান্সমিটার ও বার্ড রিং পরানো পারিযায়ী পাখিগুলো ফিরতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যাটেলাইট ট্রান্সমিটার ও বার্ড রিং পরানো পারিযায়ী পাখিগুলো ফিরতে শুরু করেছে। পিঠে ট্রান্সমিটার বসানো তিনটি পাখি ইতিমধ্যেই ফিরেছে। গতবছর বাংলাদেশে এই পাখিগুলোকে ট্রান্সমিটার ও রিং পরিয়ে ছেড়ে দেওয়া হয়। সূদূর সাইবেরিয়া, পূর্বে চীন ও উত্তরে তিব্বতের উঁচু পাহাড়ে অবস্থান করে আবার এদেশে ফিরছে এসব পাখি। এই অতিথি পাখিরা হাজার ফুট উঁচুতে যেমন উঠে, তেমনি পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ। স্যাটেলাইটের তথ্য-উপাত্ত পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। গতিপথ ও অবস্থান সনাক্ত করতে গত মার্চ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো হাঁস প্রজাতির ১৬টি পারিযায়ী পাখির পিঠে ডিজিটাল ট্রান্সমিটার এবং ৩৪টির পায়ে বার্ড রিং পরানো হয়। মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে, ডব্লিউটিবি নিউইয়র্ক এবং এফএও-এর আর্থিক অনুদানে পাখিগুলোর পিঠে বসানো হয় ডিজিটাল ট্রান্সমিটার। আর ভারতের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সহযোগিতায় অন্য পাখিগুলোর পায়ে পরানো হয় বার্ড রিং। বাংলাদেশের স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত পাখিগুলোর মাইগ্রেশন রুটের তথ্য জিওলজিক্যাল সার্ভের বিশেষজ্ঞরা সংগ্রহ করছে এবং বন অধিদপ্তর, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট বাংলাদেশ ও বাংলাদেশ বার্ড ক্লাব কারিগরি সহায়তা দিচ্ছে। শনিবার বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রান্সমিটার পরানো তিনটি পাখি খয়রা চখা-চখি (রাডিশেল ডাক) ফিরেছে এ পর্যন্ত। আশা করি, শীতের তীব্রতা বাড়লে বিভিন্ন পথ ঘুরে এ ডিসেম্বরের মধ্যেই ওরা ফিরে আসবে।" তিনি জানান, কয়েকটি পাখির অবস্থান নিরূপণ করা যাচ্ছে না। বাকিগুলো চীন, মঙ্গোলিয়া, তিব্বত ও বাংলাদেশের মাঝামাঝি অবস্থান করছে। আর কারো হাতে ধরা পড়লেই জানা যাবে রিং পরানো পাখিগুলো ফিরেছে কিনা। "কোথাও ডিম দেওয়ার সময় তিন মাস অপেক্ষা করে এই পাখি। পালক গজানোর সময় পুরো এক মাস উড়তে পারে না ওই পাখি। একসময় পুরনো পালক ঝরে যায়, নতুন করে পালক জন্মায় সারা গায়ে। এতে ছোট্ট ও স্পর্শকাতর ট্রান্সমিটার ঢেকে যায়। আশঙ্কা করছি, এজন্যই কয়েকটি পাখি কোথায় আছে সনাক্ত করতে পারছি না আমরা", বলেন ইনাম আল হক। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরে বাংলাদেশে পর্যবেক্ষণ কী জানতে চাইলে এই পাখি প্রেমী জানান, পারিযায়ী পাখি যাত্রাপথে কতদিন, কোথায়, কত উঁচুতে অবস্থান করে সে তথ্যই পাওয়া গেছে। গত শীতে আসা পারিযায়ী পাখিগুলো প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। তাদের কোনটা সাইবেরিয়ায়, দেশের পূর্বে কোনটা চীনে বা উত্তরে তিব্বতের উঁচু পাহাড়ে অবস্থান করে। আসা-যাওয়ায় দশ থেকে ১৫ হাজার ফুট উঁচু পথও ব্যবহার করে। ইউএস জিওলজিক্যাল সার্ভের সরবরাহ করা এ ট্রান্সমিটারের ভারে কোনো পাখির মৃত্যু হয় নি বলে ধারণা করেন তিনি। বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড় ইঞ্চি দীর্ঘ, এক ইঞ্চি প্রস্থ ও পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যরে এন্টেনাসহ ট্রান্সমিটার পাখির ওজন মেপে এমনভাবে লাগানো হচ্ছে যেন তা পাখির ওজনের শতকরা তিনভাগের মধ্যে সীমাবদ্ধ থাকে। ছোট আকারের ট্রান্সমিটার আবিস্কারের পর পাখির মাইগ্রেশন সণাক্ত করার কাজটি সহজ হয়ে যায়। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে ছিল। এবার ডিজিটাল ট্রান্সমিটার ব্যবহারের এগিয়ে গেল আরেক ধাপ। সমুদ্র উপকূলবর্তী দেশ হওয়ায় এশিয়ান ফ্লাইওয়ে ও পূর্ব এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ের অনেক অতিথি পাখি বাংলাদেশে এসে থাকে। পারিয়ায়ী পাখি মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিদেশে থাকে। এখন তারা ফিরতে শুরু করেছে। কয়েক দশক আগেও ৬২০ প্রজাতির পাখি ছিল। বর্তমানে কমবেশি ৪৭৭ প্রজাতির পাখি দেখা যায়। এরমধ্যে ৩০১টি স্থানীয় ও ১৭৬টি পারিযায়ী পাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও ডব্লিউটিবি'র নির্বাহী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম জানান, ডিজিটাল ট্রান্সমিটার স্থাপনের জন্য সবচেয়ে বেশি ভ্রমণ করতে পারে (উত্তরমেরু, মঙ্গোলিয়া, হিমালয় ছাড়িয়ে আসে) এমন পাখিকে বেছে নেওয়া হয়েছিল। শুধু অবস্থান সনাক্তই নয় সংক্রামক রোগ বিস্তারে পাখির ভূমিকা নিরূপণের বিষয়ে গবেষণা চালানোর জন্য এই ইলেকট্রনিক যন্ত্র স্থাপন করা হয়। ট্রান্সমিটার ও রিং পরানো পাখিগুলোর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সনাক্তে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং মল ও রক্ত পরীক্ষা করা হয়। সোয়াব সংগ্রহের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। জানতে চাইলে বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনই গবেষণার ফলাফল জানানো সম্ভব হবে না। এবার মার্কিং করা পাখিগুলো ফিরে আসার পর নতুন করে নমুনা সংগ্রহ করে এবং এফএও বিশেষজ্ঞরা গবেষণা চালানোর পর চূড়ান্তভাবে তা জানা সম্ভব হবে।" বার্ড ক্লাবের পক্ষ থেকে শনিবার কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে আরো ৩৫ টি অতিথি পাখির পায়ে বার্ড রিং পরানো হয়েছে বলে জানান এই পাখি বিশেষজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৩০২ ঘ.