কক্সবাজার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সৈকতে সমুদ্রতল থেকে বালি তুলে রাস্তা নির্মাণ বন্ধে সরকারের তিন সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসকসহ ১০ জনকে উকিল নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।
সংগঠনটি বলছে, কলাতলী পয়েন্টের এ রাস্তা সৈকতের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করবে। বৃহস্পতিবার ডাকযোগে পাঠানো ওই নোটিশে বলা হয়, সাত দিনের মধ্যে রাস্তা নির্মাণ বন্ধ না হলে বেলা আইনগত ব্যবস্থা নেবে।
পরিবেশ ও বন, যোগাযোগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন- এ তিন মন্ত্রণালয়ের সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার অঞ্চলের প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা ব্যবস্থাপনা কর্মকর্তা এবং স্বপ্নীল প্রাইভেট হেরিটেজ বে প্রপার্টিজ লিমিটেডের পরিচালককে এ নোটিশ দিয়েছে বেলা।
বেলা'র তাসলিমা ইসলামের দেওয়া ওই 'নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিসে' বলা হয়, কক্সবাজার সৈকত, এর নির্মল জলরাশি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য অবক্ষয় এবং অপরিকল্পিত কার্যকলাপ থেকে রক্ষা করতে সরকার ১৯৯৯ সালে এটাকে পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা ঘোষণা করে।
সাম্প্রতিক সময়ে সৈকতের কলাতলী পয়েন্টের বালিয়াড়িতে সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের কাছে সমুদ্রের তলদেশ থেকে মেশিন দিয়ে বালু তুলে এবং পাহাড় কাটা মাটি দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, যা 'সী ওয়েভ' নামে একটি নির্মাণাধীন হোটেলের স্বার্থে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে বেলার অভিযোগ।
বেলা বলছে, এই রাস্তা তৈরি হলে সমুদ্র সৈকত একদিকে যেমন দ্বি-খণ্ডিত হয়ে পড়বে, তেমনি পর্যটকদের কাছে এর আকর্ষণও নষ্ট হবে। এছাড়া সাগরতল থেকে বালু তোলার কারণে সাবমেরিন ক্যাবল লাইনও হুমকির মুখে পড়বে।
এ রাস্তা নির্মাণের বিরোধিতা করে আসছিলো কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ নামে স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠন।
এর সভাপতি দীপক শর্মা দীপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আবেদনে এই নোটিশ দেওয়া হয়েছে। আমরা অনেক প্রতিবাদ কর্মসূচি দিয়েও ফল না পেয়ে বেলার সহযোগিতা চেয়েছিলাম।"
তবে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখন পর্যন্ত তার কাছে ওই নোটিশ পৌঁছেনি।
নোটিশ পেলে তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24