বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর'র তিন বছর পূর্ণ হবে সোমবার।
২০০৭ সালের ১৫ নভেম্বর এই ঘূর্ণিঝড়ের আঘাতে বাগেরহাট, বরগুনাসহ দেশের দক্ষিণাঞ্চলের অনেক জায়গা ধবংস্তূপে পরিণত হয়েছিল।
সরকারি হিসাবে সিডরে বাগেরহাটে মারা যায় ৯০৮ জন। আহত হয় ১১ হাজারের বেশি। জেলায় ৬৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই লাখ ৮৩ হাজারেরও বেশি পরিবার।
৩৬৭ কিলোমিটার পাকা, ৮৬২ কিলঅমিটার কাঁচা সড়ক, প্রায় ৬৫ কিলোমিটার বাঁধ এবং ৭৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা উপজেলার অধিকাংশ এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছিল সিডর পরবর্তী সময়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শরণখোলা উপজেলায়।
সোমবার দিবসটি পালন উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সকালে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে স্থানীয়ভাবে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ ইউনিয়নের বকুলতলা গ্রামে করবে স্মরণ সভা।
বিকালে শরণখোলা প্রেসক্লাবে হবে আরেকটি স্মরণ সভা।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা প্রেসক্লাব সিডর দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করেছে।
সঙ্গে থাকবে বরগুনা পৌরসভা, বাস মালিক সমিতি ও বিভিন্ন বেসরকারি সংস্থা।
সকালে বরগুনা জেলা শহরে শোকর্যালি করা হবে। এছাড়া পশ্চিম গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24