২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই বছরের মধ্যে আধুনিক প্রযুক্তির ইটভাটা করুন'

দুই বছরের মধ্যে আধুনিক প্রযুক্তির ইটভাটার মাধ্যমে ইট নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এতে পরিবেশ দূষণ কম হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছরের মধ্যে আধুনিক প্রযুক্তির ইটভাটার মাধ্যমে ইট নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এতে পরিবেশ দূষণ কম হবে। তিনি ফিক্সড চিমনি কিলন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতির ভাটার মাধ্যমে মালিকদের প্রতি ইট তৈরির আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইটভাটা মালিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান ও ভার্টিক্যাল শ্যাফট পদ্ধতিতে ইটভাটা তৈরির আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী। বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ঔনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাবলু বলেন, "পরিবেশ সংরক্ষণের জন্য মালিকরা সহযোগিতা করবে। তবে নতুন পদ্ধতিতে ইট তৈরি করতে কমপক্ষে তিন বছর সময় দেওয়া উচিত।" "পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা" শীর্ষক এ কর্মশালা আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। বর্তমানে ফিক্সড চিমনি কিলন পদ্ধতিতে ইট তৈরি হচ্ছে জানিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "এ পদ্ধতিতে ইট তৈরি করায় পরিবেশ দূষণ হচ্ছে। নতুন প্রযুক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে।" তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়া যেসব মালিক ইটভাটার কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মশালায় আরো বক্তব্য দেন পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৮ঘ.