২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণের দায়ে ট্যানারির ১৯ লাখ টাকা জরিমানা

নদী দূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে একটি ট্যানারিকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী দূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে একটি ট্যানারিকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে নগরীর জালালাবাদ এলাকার মদিনা ট্যানারিকে এ জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। এছাড়া কারখানাটি স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ট্যানারির বর্জ্যে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) মান প্রতি লিটারে দশমিক তিন মিলিগ্রাম পাওয়া গেছে। পিএইচ মাত্রা পাওয়া গেছে চার দশমিক সাত।" তিনি জানান, ডিও মাত্রার আদর্শ মান চার দশমিক পাঁচ থেকে আট মিলিগ্রাম এবং পিএইচ মাত্রার আদর্শ মান ছয় থেকে নয়। এ ট্যানারির বর্জ্য শীতল ঝর্ণা ও উত্তর খাল এবং বামন শাহী খাল দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে পড়ছে। এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে বলে জানান তিনি। মুনীর চৌধুরী বলেন, "তাই পরিবেশ আইন লঙ্ঘন ও পরিবেশ বিপর্যয় ঘটানোর দায়ে এই ট্যানারিকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। "এছাড়া ২০১১ সালের ৩১ জানুয়ারির মধ্যে কারখানাটি স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" গত ২৭ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছে। পরিবেশ আইন অনুযায়ী কারখানাটি লাল শ্রেণীভুক্ত বলে জানান তিনি। এর আগে ট্যানারির মালিককে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সে নির্দেশ পালন করে নি। এছাড়া দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর কারখানাটির বিরুদ্ধে মামলাও করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২৩০০ঘ.