২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে ভোলার নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ভোলা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে ভোলার নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় ভোলার পাঁচটি বিচ্ছিন্ন চরের নিুাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বুধবার দিনভর থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নদী ও সাগর মোহনা ছিলো উত্তাল। ঘূর্ণি বাতাস ও প্রবল ঢেউয়ে মেঘনা নদীতে সন্ধ্যায় দুটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছোট ছোট নৌ যান চলাচল বন্ধ রয়েছে। ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ভোলায় নদ-নদীর পানি বেড়েছে। তবে এ অঞ্চলে কোনো বিপদ সংকেত দেখানো হয়নি। তাই আতংকিত হওয়ার কিছু নেই। চরফ্যাশন উপজেলার ঢালচরের স্থানীয় বাসিন্দা কামরুল সিকদার ও মৎস্য ব্যবসায়ী আবুল বাশার জানান, নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বেড়েছে। এর ফলে চর নিউটন, সিকদারের চর, চর মনোহর ও চর লিউলিনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও ঢালচর ও কুকরী মুকরীর কিছু কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। মনপুরা থানার ওসি হারুন অর রশিদ জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর ও চর নিজামের কিছু অংশ তলিয়ে গেছে। ভোলা সদর উপজেলার মাঝের চরের মৎস্য ব্যবসায়ী নোয়াব উদ্দিন জানান, প্রবল ঢেউয়ে মদনপুরার একটি জেলে নৌকা ও কাচিয়ার কাঠির মাথার একটি নৌকা মেঘনাতীরের কাছাকাছি ডুবে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.