২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি দূষণ: চট্টগ্রামে দুই কারখানার ৩৩ লাখ টাকা জরিমানা

পানি দূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) দুটি প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি দূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) দুটি প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র না থাকা ও অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ফেলে পানি দূষণের দায়ে মেসার্স ড্রিম নিটিং লিমিটেডকে ১৬ লাখ টাকা এবং জে এফ টেক্সটাইল লিমিটেডকে ১৭ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইপিজেডের সাত নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠান দু'টির কোনো পরিবেশ ছাড়পত্র নেই। কারখানা দু'টি ইটিপি প্ল্যান্ট কার্যকর না করেই দীর্ঘদিন ধরে ডাইং ও ফিনিশিং এর কাজ করছে। তিনি আরো জানান, অভিযানে কারখানা দু'টি থেকে নির্গত তরল বর্জ্য পরীক্ষা করে দেখা হয়। এতে ড্রিম নিটিং লিমিটেড থেকে নির্গত তরল বর্জ্যে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) মাত্রা প্রতি লিটারে ১.৮ মিলিগ্রাম ও জেএফ টেক্সটাইলে তা ২.৪ মিলিগ্রাম পাওয়া যায়। কিন্তু পানিতে প্রতি লিটারে ৪.৫ থেকে ৮.০ মিলিগ্রাম ডিও থাকতে হয়। পরিশোধন ছাড়াই তরল বর্জ্য সমুদ্রের পানিতে ফেলার মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে কারখানা দু'টিকে মোট ৩৩ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মুনীর চৌধুরী। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, ইটিপি স্থাপন ও পরিচালনা, নিজস্ব জলাধার নির্মাণ এবং তরল বর্জ্যের গুণগতমান প্রতিবেদন উপস্থাপন ছাড়া কারখানা পরিচালনা সম্পূর্ণ বেআইনি। এ কারণে পরিবেশ আইন অনুযায়ী কারখানা দু'টি লাল তালিকাভুক্ত। অভিযানের সময় কারখানা দু'টি থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সিইপিজেড খাল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/২২৩৮ ঘ.