কুয়াকাটা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ২০০ একর জমির মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র ৪৫ একর। বাকি প্রায় দেড়শ একর জমি তলিয়ে গেছে সাগরগর্ভে।
স্থানীয়রা মনে করছে, এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব।
দিন দিন পানি বেড়ে ফুলে উঠে এগিয়ে আসছে বঙ্গোপসাগর।
বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের পানির উচ্চতা বাড়লে লবণপানি মোহনায় ভর করে এবার নদী আর খাল দিয়ে বিস্তীর্ণ জনপদে ঢুকবে।
কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে কিছুটা দক্ষিণে বাধের ওপর দাড়িয়ে ৭৫ বছর বয়সী আনোয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৫ বছর ধরে তিনি এ সমুদ্রকে দেখছেন। চোখের সামনে সমুদ্রের চেহারা একই আছে কিন্তু সমুদ্র আর তার মাঝে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ জায়গা নেই।
তার হিসেবেই কমপক্ষে ৩৩ কানি জমি ছিল এখানে, যা খেয়ে ফেলেছে সাগর।
তার কথার সত্যতা মেলে কুয়াকাটার কলাপাড়া উপজলোর সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ জালালউদ্দিনের বক্তব্যে।
জালালউদ্দিন বলেন, "১৯৫৫ সালে কুয়াকাটায় জমির যে হিসেব ছিল, সমুদ্র পাড়ে যে বাগানের অস্তিত্ব ছিল এখন তা নেই। সমুদ্র সৈকত সংলগ্ন ২শ একর জমির বদলে এখন টিকে আছে ৪৫ একর। বাকি প্রায় দেড়শ একর জমি তলিয়ে গেছে সাগরগর্ভে।"
কুয়াকাটা সমুদ্র সৈকতে চা দোকানদার ৬৫ বছর বয়সী সেকান্দার আলী ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন থেকে ২ বছর আগেও এখানে ফয়েজ মিয়ার একটি বাগান ছিল। সিডরের সময় সেটাও সাগরগর্ভে তলিয়ে গেছে।"
সমুদ্র তীর থেকে কিছুটা পূর্ব দিকে গেলে চোখে পড়ে বিশাল ঝাউ বন। কিন্তু ঝাউ গাছে প্রাণ নেই বলতে গেলে। গাছের সব পাতা কেমন মরাটে, শুকিয়ে লাল হয়ে আছে।
স্থানীয় মনতাজ আলী জানান, গত দুই বছর ধরে এরকম গাছের পাতাগুলো শুকিয়ে লাল হয়ে যাচ্ছে।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ুর পরিবর্তেনে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো শুধু বেকারই হয়ে পড়বে না, ব্যাপক স্বাস্থ্যহানির মুখে রয়েছে তারা।"
কলাপাড়ার কৃষি কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, "২০০৫ সালে এ অঞ্চলে আউশ মৌসুমে কমপক্ষে ১৬ হাজার একর জমিতে চাষ হতো। অনাবৃষ্টির সঙ্গে সঙ্গে লবণ পানির প্রভাব বৃদ্ধি হওয়ায় ২০০৯ এ এসে সেই জমির পরিমাণ দাড়িয়েছে ২ হাজার ৮শ একর।"
তিনি বলেন, "লবণের তীব্রতা বাড়ছে দ্রুত। এ কারণে আউশের মৌসুম বিলুপ্তির পথে।
"শুধু তাই নয়, রবি শস্যর মধ্যে মুগডালও এখণ মাটির রস পাচ্ছে না।"
লবণ পানির শোষণক্ষমতা অনেক বেশি হওয়ায় উপকুলীয় অঞ্চলের গাছের পাতা গুলো শুকিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, এই চিত্র শুধু কুয়াকাটা নয়। উপকূলীয় অঞ্চলের বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরার।
নিরুত্তম কুমার সরকার আরও জানান, প্রতি বছর শীত মৌসুমে (নভেম্বর থেকে এপ্রিল) এই এলাকার নদীতে লবণাক্ততা বাড়ে ১৫-২০ হাজার পিপিএম পর্যন্ত। এছাড়া জমিতে বেড়ে যায় ৭-৮ হাজার পিপিএম পর্যন্ত।
"এই সময় জমিতে স্বাভাবিকভাবেই উৎপাদন ব্যাহত হয়।" বলেন তিনি।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের (এসআরডিআই) সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জালাল উদ্দিন মো. শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একমাত্র বিআর-৪৭ ছাড়া সব প্রজাতির ধান জমিতে ৪ ডিএস/এম (৪ হাজার পিপিএম) পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এর চেয়ে বেশি লবণাক্ততা থাকলে তাতে উৎপাদন ব্যাহত হবে।
তবে লবণাক্ততা সহনশীল বিআর-৪৭ সর্বোচ্চ ৮ডিএস/এম পর্যন্ত সহ্য করতে পারে বলে জানান তিনি।
উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে জানিয়ে তিনি বলেন, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে লবণাক্ততা সহনশীল প্রজাতির চাষাবাদের দিকে যেতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সমস্যা মোকাবেলা করতেই হবে।"
সংশি
bdnews24