২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্তদের জন্য জলবায়ু তহবিলে বরাদ্দ রাখতে হবে: মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রত্যক্ষ উপকারে আসবে, এমন খাতে বরাদ্দ সুনির্দিষ্ট করার পরামর্শ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রত্যক্ষ উপকারে আসবে, এমন খাতে বরাদ্দ সুনির্দিষ্ট করার পরামর্শ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা তহবিলের একটি অংশ ক্ষতিগ্রস্তদের প্রত্যক্ষ সহায়তার জন্য নির্ধারিত রাখতে হবে। বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে 'জলবায়ুর পরিবর্তন এবং ট্রেড ইউনিয়ন' শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ অক্যুপেশনাল সেফটি, হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি) এ কর্মশালার আয়োজন করে। আব্দুর রাজ্জাক বলেন, "বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় দরিদ্র জনগোষ্ঠী। আমাদের মত দেশে এমনিতেই শ্রমিকরা প্রতিকূল পরিবেশে কাজ করে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আরো বিরূপ পরিবেশে কাজ করতে হবে।" জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের কৌশলপত্র প্রণয়ন এবং ১০০ মিলিয়ন ডলারের ট্রাস্ট তহবিল গঠন করার কথা এসময় উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার, পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান এবং ওশি'র চেয়ারম্যান জাকি রিজওয়ানা। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ড. মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৮ঘ.